গাংনীতে বোমা মেরে ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে আবদুল বারী (৪০) নামের এক ব্যবসায়ীকে বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার দুপুরে গ্রামের একটি পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে বারীর প্রতিবেশী শফিকুল ইসলামকে (৪২) আটক করা হয়েছে। গ্রামবাসী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পাটখেতে বোমা বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা মুঠোফোনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সন্ত্রাসীরা বারীকে ধরে নিয়ে গিয়ে প্রথমে তাঁর দুই চোখ উপড়ে ফেলে। পরে বোমা হামলা চালিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে যায়। আবদুল বারী লোহালক্কড় কেনাবেচার ব্যবসা করতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, আবদুল বারীর অনেক ঋণ হয়েছিল। এর জেরে প্রতিপক্ষ তাঁকে খুন করতে পারে।এদিকে বারীর স্ত্রী মর্জিনা খাতুন দাবি করেছেন, পরকীয়ার জের ধরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় শফিকুলসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন মর্জিনা। মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বারীর লাশ হস্তান্তর করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, তদন্ত চলছে। হত্যায় জড়িত অন্যদের ধরার চেষ্টা করা হচ্ছে।