গাংনীতে বোমায় র্যাবের সোর্সসহ আহত ৪
মেহেরপুরের গাংনী উপজেলায় সন্ত্রাসীদের বোমা হামলায় র্যাবের সোর্স ও তিনজন বিএনপির কর্মী আহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার সাহারবাটি ইউনিয়নের চারচারা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি কেউ।আহত ব্যক্তিরা হলেন র্যাবের সোর্স সাহারবাটি গ্রামের মুকুল শেখ (৪০) এবং একই গ্রামের বিএনপির কর্মী সবদুল হোসেন (৩৫), রমজান আলী (৪৫) ও আরিফ হোসেন (৩০)। এর মধ্যে সবদুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিত্সা চলছে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে চারচারা গ্রামের বাজারে একটি চায়ের দোকানে অতর্কিতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই চারজন আহত হন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে সাজ্জাদ রায়হান বলেন, বোমায় আহত মুকুল তাঁদের সোর্স হিসেবে কাজ করতেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি র্যাবকে তথ্য দেওয়ায় গ্রামের একটি সন্ত্রাসী দল এই বোমা হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, সবদুল, রমজান ও আরিফ বিএনপির কর্মী।মেহেরপুর পুলিশ সুপার আবদুলল্লাহিল বাকী বলেন, জড়িতদের বিরুদ্ধে পুলিশ মামলা করবে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।