গাংনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার যুবলীগের নেতা মহির উদ্দীনকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি গাংনী উপজেলা বামুন্দী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।আজ সোমবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকা থেকে মহিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গাংনী উপজেলা যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাংনী ও বামুন্দি বাজারে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় নিহতের লাশ নিয়ে প্রথমে বামুন্দি বাজারে যুবলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও সমাবেশ করে। এ সময় আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। সমাবেশের একপর্যায়ে নেতা-কর্মীরা উপজেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি তুলতে গেলে সাংবাদিকদের একটি মোটরসাইকেল, ভিডিও ও স্থির ক্যামেরা ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের দুই সদস্য আহত হন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। সকাল থেকে যুবলীগ কর্মীরা রাস্তা অবরোধ করে রাখায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। নিহতের ছোট ভাই জহির উদ্দিন জানান, ২০-২৫ দিন আগে গাংনীর কাজীপুর সীমান্তে জোড়া খুন হওয়ার পর থেকেই তাঁর ভাই আতঙ্কে ছিলেন। একটি মহল তাঁকে (মহির) হত্যার হুমকি দিয়েছিল। গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, মহির উদ্দীনের বিরুদ্ধে থানায় ছয়টি মামলা আছে। এ হত্যাকাণ্ডকে ঘিরে আজকের ভাঙচুরের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসারই অংশ । মেহেরপুর পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী বলেন, মিহির মাদক ব্যবসা করতেন। তাই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বলেন, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আর গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক হত্যাকাণ্ডের পিছনে স্থানীয় বিএনপি ও জামায়াতকে দায়ী করেছেন।এদিকে জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ আমজাদ হোসেন বলেন, মহির ছিল এলাকার শীর্ষ সন্ত্রাসী। দলের অভ্যন্তরীণ কোন্দল ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।