গাংনীতে র্যাব-চরমপন্থী সংঘর্ষ, অস্ত্র উদ্ধার, পাবনায় একজন খুন
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে গত সোমবার দিবাগত রাতে র্যাব ও পুলিশের সঙ্গে চরমপন্থীদের সংঘর্ষ হয়েছে। এতে র্যাবের তিন সদস্যসহ ছয়জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে চারজন। র্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে নয়টি শক্তিশালী তাজা বোমা, গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল এবং জনযুদ্ধের বিপুলসংখ্যক লিফলেট উদ্ধার করা হয়েছে।এদিকে পাবনার আটঘরিয়া উপজেলার চরপাড়া গ্রামের আকুব্বর হোসেন নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি চরমপন্থী দলের সদস্য ছিলেন।গাংনীতে গ্রেপ্তার করা চরমপন্থীরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের পালান মিয়া (২৩), লিটন হোসেন (৩০), ইমরান আলী (২৮) এবং গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের রেজাউল শেখ (৩২)।আহত দুই চরমপন্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।আহত র্যাব সদস্য (এসআই) আবদুল মজিদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, সোমবার রাতে র্যাব ও পুলিশের একটি যৌথ দল রামনগর গ্রামের সড়কের দুই পাশে টহল দিচ্ছিল। রাত তিনটার দিকে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ দলকে সেখানে দেখা যায়। তাদের থামার নির্দেশ দেওয়া হলে তারা একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে র্যাবের ওই তিন সদস্য আহত হন।আহত র্যাব সদস্য ইয়াছিন আলী জানান, তখন র্যাব ও পুলিশের অন্য সদস্যরা সন্ত্রাসীদের লক্ষ্য করে সাতটি গুলি ছোড়েন। ওই দলের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।একপর্যায়ে গুলিবিদ্ধ চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্য সদস্যরা অন্ধকারে পালিয়ে যায়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার করা ব্যক্তিরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য। তাঁদের বিরুদ্ধে মেহেরপুরের গাংনী, কুষ্টিয়ার দৌলতপুর থানায় একাধিক হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা আছে।এদিকে আটঘরিয়া উপজেলার চরপাড়া গ্রামের আকুব্বর হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গত সোমবার রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি আকুব্বরকে তাঁর বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী বিলের পাড়ে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, আকুব্বর পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।