গাংনীতে র্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
মেহেরপুরের গাংনীতে আজ সোমবার ভোরে র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আকছেদ আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।র্যাবের দাবি, নিহত আকছেদ গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের বারেকুল আলীর ছেলে। তিনি মেহেরপুরে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি, অপহরণ, বিস্ফোরকসহ নয়টি মামলা আছে।মেহেরপুরের র্যাব কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা মাঠে একদল লোক বৈঠক করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত চারটার দিকে পুলিশ ও র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাব-পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আকছেদ আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।