গাংনীতে সংঘর্ষ, বোমায় আ.লীগের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে বোমার আঘাতে ইলিয়াস হোসেন (৩৭) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চর গোয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বাউট বেসরকারি কলেজের অধ্যক্ষ, প্রভাষকসহ আটজনকে আটক করেছে। নিহত ইলিয়াস আওয়ামী লীগের কর্মী ছিলেন।পুলিশ, এলাকাবাসী ও আহত ব্যক্তিরা জানান, দুপুরে গ্রামের আওয়ামী লীগের কর্মী আতাহার একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। রাস্তায় বিএনপির কর্মী জাকির অন্য একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাকির সাইড না দিলে আতাহার মোটরসাইকেল দিয়ে জাকিরকে ধাক্কা দেন। এই নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আওয়ামী লীগ-সমর্থিত গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, এটা পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, আওয়ামী লীগের কর্মী আতাহার পরিকল্পিত গণ্ডগোল সৃষ্টির জন্য বিএনপির কর্মী জাকিরকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের কর্মীরা দলবদ্ধভাবে বিএনপির কর্মীদের ওপর হামলা চালান। তখন কে বা কাদের ছোড়া বোমায় আওয়ামী লীগের এক কর্মী নিহত হন। বিএনপির কোনো কর্মীর নিক্ষিপ্ত বোমায় এ হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়-পরাজয় নিয়ে এই গ্রামে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জের ধরে আজ এ সংঘর্ষ হয়। এ সময় বোমার আঘাতে একজন মারা যান। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেছেন।