গাংনীতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে আজ রোববার ভোরে র্যাব-পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে।ঘটনা সম্পর্কে র্যাবের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান প্রথম আলো অনলাইনকে বলেন, একটি সন্ত্রাসী দলের সদস্যরা গাংনী উপজেলার মালশাদহ গ্রামের এনামুল হকের ইটভাটায় চাঁদা নেওয়ার জন্য যাবে—এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের একটি দল সেখানে ওঁত পেতে থাকে। আজ ভোর সাড়ে চারটার দিকে সন্ত্রাসী দলটি ইটভাটায় চাঁদা নিতে ঢোকে। তারা সেখানে র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ পাল্টা তিনটি গুলি ছোড়ে। সন্ত্রাসীদের বোমায় গাংনী থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান আহত হন। তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।র্যাব ও পুলিশ সন্ত্রাসীদের ঘিরে ফেলে তাদের কাছ থেকে হাতে বানানো চারটি শক্তিশালী বোমা, দুটি ওয়ান শ্যুটারগান, চারটি গুলি, দুটি রামদাসহ চারজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের হাসান (২৫), সুরুজ আলী (২১), ইয়াদুল হক (২৬) ও নূহ (২৮)।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গাংনী, আলমডাঙ্গা ও মিরপুর থানায় ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, বোমাবাজিসহ নানা অভিযোগে মামলা রয়েছে।