গাংনীতে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী থেকে গতকাল শনিবার রাতে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়। আজ রোববার সকালে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন: শহীদুল ইসলাম (৩৮) ও সাইফুল ইসলাম (৪৩)।মেহেরপুর র্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার গোলাম রাব্বানী প্রথম আলো ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালান র্যাবের সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তাঁরা। এ সময় তাঁদের কাছ থেকে একটি পাইপগান, ১০টি গুলি ও দুইটি বোমা উদ্ধার করা হয়। পরে তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শহীদুল ও সাইফুল গাংনী উপজেলার বামুন্দী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল আলিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।