গাংনীতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমের ওপর দমন-পীড়নের প্রতিবাদে আজ রোববার মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির ওপর স্থানীয় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।গাংনী উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ আমজাদ হোসেন জানান, আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেয়নি। অথচ বিএনপির কর্মসূচি হলে উত্তেজনা ও সংঘর্ষ হবে—পুলিশের এমন প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিএনপির কর্মসূচির ওপর ১৪৪ ধারা জারি করে।তবে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, তাঁরা একই স্থানে ও সময়ে পাল্টা কর্মসূচি দিয়েছিলেন। শহরে প্রচার ও প্রস্তুতিও চূড়ান্ত ছিল। এ নিয়ে পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, একই স্থানে এবং একই সময়ে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ায় উপজেলা প্রশাসন উভয় দলের কর্মসূচির ওপর ১৪৪ ধারা জারি করেছে।গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মোস্তফা জামান জানান, পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে গাংনী শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন উভয় দলের কর্মসূচির ওপর ১৪৪ ধারা জারি করে।