গাইবান্ধা এলজিইডিতে টেন্ডার দাখিলে বাধা থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা এলজিইডিতে প্রায় ২৬ কোটি টাকার কাজের সমঝোতা নিয়ে ১ ফেব্রুয়ারি সরকারি দলের সমর্থক ঠিকাদারদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। অন্য জেলা থেকে আসা ঠিকাদারেরা দরপত্র ফেলতে গেলে তাঁদের বাধা দেওয়া ও লাঞ্ছিত করা হয়। এ জন্য তাঁরা দরপত্র ফেলতে পারেননি। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় জিডি (নং ৪৭) করা হয়েছে। গাইবান্ধা এলজিইডি সূত্র জানায়, দ্বিতীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গত ১০ জানুয়ারি ২৬ কোটি টাকা ব্যয়ে ১৫টি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। এই প্রকল্পের অধীনে ১৪টি রাস্তার উন্নয়ন ও একটি সেতু নির্মাণ করা হবে। প্রায় ৪৫০টি দরপত্র বিক্রি হলেও ১ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের শেষ দিনে মাত্র ১৩৫টি দরপত্র জমা পড়ে। প্রত্যক্ষদর্শী ও দরপত্র দাখিল করতে না পারা ঠিকাদারেরা জানান, ওইদিন জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয়, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা সদর এলজিইডি অফিসে দরপত্র গ্রহণ করা হয়। কিন্তু সরকারি দলের সমর্থক ঠিকাদার ও দলীয় নেতাকর্মীদের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা চলে। কিন্তু কাজ বণ্টন নিয়ে কিছু ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ঘটনার দিন সমঝোতার সঙ্গে জড়িত ঠিকাদার ও তাঁদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওইসব অফিসে রাখা দরপত্র বাক্সগুলো দখলে রাখে। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে গাইবান্ধা এলজিইডি অফিসে তাঁদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গাইবান্ধা সদর এলজিইডি অফিসে দরপত্র ফেলতে এসে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আন্নি এন্টারপ্রাইজের স্থানীয় প্রতিনিধি আনোয়ারুল কবির সজল লাঞ্ছিত হন। আনোয়ারুল কবির অভিযোগ করেন, ‘আমি দরপত্র দাখিল করতে গেলে সমঝোতাকারী ঠিকাদারদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দরপত্র ছিনিয়ে নিয়ে আমাকে লাঞ্ছিত করে। পরে মুঠোফোনে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা দরপত্রগুলো যত্রতত্র ফেলে রেখে সটকে পড়ে। ফলে নির্ধারিত সময়ে দরপত্র দাখিল করা হয়নি। এ ঘটনায় আমি আন্নি এন্টারপ্রাইজের পক্ষে গাইবান্ধা সদর থানায় একটি জিডি করেছি।’ তিনি পুনঃদরপত্র আহ্বানের দাবি জানান।এদিকে এ ঘটনার পরও অনিয়মের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, এই কাজে বেশি দরে দাখিল করা দরপত্র গ্রহণযোগ্য করে তুলতে দর সংশোধন চেয়ে নোটিফিকেশন লেটার দাখিল করা হয়। ফলে অধিকাংশ দরপত্র খোলার পর দেখা যায়, নোটিফিকেশন লেটার অনুযায়ী ১৫ থেকে ২৫ ভাগ নিম্নদরে কাজ করতে ঠিকাদারদের সম্মতি রয়েছে। এরপরও দরপত্র দাখিল-পরবর্তী অধিকাংশ গ্রুপের কাজে সমঝোতা করে বেশি দরে কাজ বাগিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। এ জন্য নিম্নদরের দরপত্রগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছে। এসব দরপত্র গ্রহণ করা হলে সরকারের প্রায় ৩ কোটি টাকা অপচয় হবে। এ প্রসঙ্গে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুভাষ চন্দ্র সাহা রায় অপ্রীতিকর ঘটনার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, কাজ বাগিয়ে নেওয়া কিংবা দর সংশোধন করার কোনো সুযোগ নেই। কারণ ১৫ থেকে ২৫ ভাগ নিম্নদরে অনেক দরপত্র জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য এলজিইডি ঢাকা অফিসে পাঠানো হয়েছে।