গাইবান্ধা ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গাইবান্ধার সাদুল্যাপুরে ও গোপালগঞ্জের মান্দারতলায় আজ বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। গাইবান্ধায় নিহতেরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বামনগাড়া গ্রামের মোমিনা বেগম (৫২), কৃষ্ণপুর মরিচা গ্রামের শাহিনা খাতুন (১২) ও আরিফুল ইসলাম (২৮)। আর গোপালগঞ্জে নিহতের নাম আশিক মোল্লা (৪০)।গাইবান্ধা: গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল আজিজ বলেন, সকাল নয়টার দিকে ধাপেরহাটে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিযাত্রী শাহিনা ও আরিফুল ঘটনাস্থলেই মারা যান। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মোমিনা বেগম মারা যান। এ নিয়ে সাদুল্যাপুর থানায় মামলা হয়েছে। গোপালগঞ্জ: আজ সকালে গোপালগঞ্জের মান্দারতলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আশিক মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এরপরই উত্তেজিত এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কে দুটি গতিরোধক নির্মাণের দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় চেয়ারম্যান এম এম মনির আহম্মেদ ও সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। তার পরও এলাকাবাসী ছোট ছোট দলে বিভক্ত হয়ে মহাসড়কে কিছু গাড়ি ভাঙচুর করছে।স্থানীয় বোড়াশী ইউপি চেয়ারম্যান এম এম মনির আহম্মেদ জানান, মহাসড়কের মান্দারতলা ব্রিজের উভয় পাশেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে।গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রমেশ বিশ্বাস জানিয়েছেন, মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবরোধ ছিল।