গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ সন্ধ্যার মধ্যে ছাত্রছাত্রীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের গণিত তাত্ত্বিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রীরা তাঁদেরকে উত্তীর্ণ করে দেওয়ার দাবিতে ইনস্টিটিউটে ব্যাপক ভাঙচুর চালালে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।পুলিশ ও ইনস্টিটিউট সূত্র জানায়, তৃতীয় সেমিস্টার গণিত তাত্ত্বিক বিষয়ের পরীক্ষায় ১২৬ জন ছাত্রছাত্রী অংশ নেন। এর মধ্যে ২৭ জন অকৃতকার্য হন। অকৃতকার্য ছাত্রছাত্রীরা তাঁদের উত্তীর্ণ করে দেওয়ার জন্য আজ দুপুরে অধ্যক্ষকে স্মারকলিপি দেন। কিন্তু অধ্যক্ষ তাঁদের দাবি না মানলে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।এ সময় ছাত্রছাত্রীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দিয়ে এটিআই ভবন ও লাইব্রেরির দরজা-জানালা ভাঙচুর করেন। তাঁরা লাইব্রেরির আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে তাঁরা একই দাবিতে গতকাল ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালান।নাম প্রকাশ না করার শর্তে অকৃতকার্য ছাত্রছাত্রীরা অভিযোগ করে বলেন, ‘এটিআই শিক্ষকেরা প্রাইভেট বাণিজ্যের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ফলে তাঁরা নিয়মিত ক্লাস নিতেন না। তাঁদের কাছে প্রাইভেট না পড়ার কারণে তাঁরা ইচ্ছাকৃতভাবে আমাদের অকৃতকার্য করে দিয়েছেন। তাই এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে এ ঘটনা ঘটে।’এদিকে বিকেলে ইনস্টিটিউট কর্তৃপক্ষের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয় এবং সন্ধ্যার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।এ প্রসঙ্গে এটিআইয়ের অধ্যক্ষ তায়েবা খাতুন জানান, অকৃতকার্য ছাত্রছাত্রীদের ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। এটা কখনো সম্ভব নয়। তাঁরা অযৌক্তিক দাবি করে এ ঘটনা ঘটিয়েছেন।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।