গাইবান্ধা জেলা কারাগারের আবাসিক কোয়ার্টারের নির্মাণকাজ অসমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা কারাগার চালু হওয়ার পর চার বছর পেরিয়ে গেলেও দুটি আবাসিক কোয়ার্টারের নির্মাণকাজ এখনো অসমাপ্ত রয়েছে। ফলে সরকারের ছয় লাখ টাকা ক্ষতি হয়েছে। আবাসন সমস্যায় ভুগছেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও কারারক্ষীরা।গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলীর অনিয়ম ও গাফিলতির কারণে নির্মাণকাজ সম্পন্ন হয়নি। এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় ১৯ লাখ টাকা পাওনা রেখে ১১ লাখ টাকা ফেরত পাঠানো ও বিল কম দেওয়ার বিষয়টি গণপূর্ত অধিপ্তরের প্রধান প্রকৌশলীকে অভিযোগ আকারে জানানো হয়েছে। নির্মাণপ্রতিষ্ঠান মেসার্স এএইচ এন্টারপ্রাইজ এ অভিযোগ করে।অভিযোগে জানা যায়, ২০০৫ সালে ৬৯ লাখ টাকা ব্যয় ধরে জেল সুপারের বাসভবন, চিকিত্সক ও কারারক্ষীদের কোয়ার্টার নির্মাণের কাজ শুরু হয়। ২০০৮ সালের জুনের মধ্যে সম্পন্ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৭১ লাখ ৬২ হাজার টাকা বিল হলেও পরিশোধ করা হয় ৫২ লাখ ৮৯ হাজার টাকা। ১৮ লাখ ৭৩ হাজার টাকার বিল বাক রাখা হয়। তখন ঠিকাদারি প্রতিষ্ঠান বিলের পাওনা পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। আবেদনপত্রে বলা হয়, গাইবান্ধা গণপূর্ত বিভাগের তত্কালীন নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম অজ্ঞাত কারণে বিল পরিশোধ করেননি। উপরন্তু বরাদ্দ করা টাকা থেকে ১১ লাখ টাকা ফেরত পাঠান নির্বাহী প্রকৌশলী।এসব উল্লেখ করে প্রতিকার চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি গণপূর্ত রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর অভিযোগ দাখিল করে।অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম তিন সদস্যবিশিষ্ট একটি চূড়ান্ত পরিমাপ কমিটি গঠন করেন। কমিটি একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেল সুপার ও চিকিত্সকের বাসভবনের সম্পাদিত কাজের চূড়ান্ত হিসাব যাচাই-বাছাই করে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় লাখ ৭১ হাজার টাকার বিল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে চূড়ান্ত পরিমাপ কমিটি। পরে গণপূর্ত রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক উপবিভাগীয় প্রকৌশলী আবদুল গফ্ফারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি কারারক্ষীদের বাসভবন নির্মাণে সম্পাদিত কাজের সরেজমিন তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১২ লাখ এক হাজার টাকা বিল কম দেওয়া হয়েছে বলে প্রতিবেদন দাখিল করে।দুই তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত বিল ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বর্তমান পাওনা মোট ১৮ লাখ ৭৩ হাজার টাকা চূড়ান্ত করা হয়।বিল পরিশোধ নিয়ে এসব ঝামেলার কারণে ২০০৮ সালে কোয়ার্টার দুটির নির্মাণকাজের বাকি অংশ সম্পন্ন হয়নি। ফলে ২০০৬ সালে নতুন কারাগারে কয়েদিদের স্থানান্তর করা হলেও কোয়ার্টার দুটির রেলিংয়ের হাতল, জানালার গ্লাস লাগানো প্রভৃতি কাজ অসমাপ্ত রয়েছে। জেল সুপার মজিবুর রহমান জানান, কোয়ার্টার দুটির নির্মাণকাজ সম্পন্ন করার জন্য গণপূর্ত বিভাগকে তাগিদ দিয়ে বারবার চিঠি দেওয়া হলেও তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে কর্মকর্তা- কর্মচারীদের আবাসিক সমস্যা প্রকট রূপ নিয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি মুকুল কাদেরী বলেন, ‘পিসি (কমিশন) না দেওয়ায় তত্কালীন নির্বাহী প্রকৌশলী ইচ্ছাকৃতভাবে বিল পুরো পরিশোধ না করে তহবিল ঊর্ধ্বতন কার্যালয়ে ফেরত পাঠান। এ ছাড়া বর্তমান পাওনা নির্ধারণ করতে এবং অতিরিক্ত কোনো কাজ করা হবে না বলে গণপূর্ত বিভাগকে কোয়ার্টার দুটি বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চূড়ান্ত বিল দেওয়া হয়নি। গণপূর্ত বিভাগে ধরনা দিয়েও প্রকৃত বিল পাচ্ছি না। ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ তিনি জানান, বর্তমান শিডিউল অনুযায়ী কোয়ার্টার দুটির অসমাপ্ত কাজ করতে সরকারের প্রায় তিন লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে। এ ছাড়া সরকার বাসাভাড়া বাবদ রাজস্ব আয় থেকে প্রায় তিন লাখ টাকা বঞ্চিত হয়েছে।এ প্রসঙ্গে গাইবান্ধা গণপূর্ত বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় ১৯ লাখ টাকা পাওনা পরিশোধ ও বাকি কাজ সম্পন্ন করার জন্য ২৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ঠিকাদারের পাওনা পরিশোধ ও বাকি কাজ সম্পন্ন করা হবে। এ ছাড়া অর্থ বরাদ্দের জন্য ২০০৯ সালের ৩০ এপ্রিল থেকে এ পর্যন্ত পাঁচ দফায় বরাদ্দ চেয়ে প্রকল্প পরিচালক ও কারা মহাপরিচালক বরাবর চাহিদাপত্র পাঠিয়েও অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে কাজ অসমাপ্ত থাকায় কোয়ার্টার দুটি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা যাচ্ছে না।গাইবান্ধা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমান রংপুর) আমিনুল ইসলাম অনিয়ম ও গাফিলতির অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সে সময় ১১ লাখ টাকা ফেরত পাঠানো হয়। এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান অনুনোমোদিত কিছু কাজ করায় তখন বিল কম দেওয়া হয়েছে। অনুনোমোদিত কাজ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, প্রকৌশলীর অনুমতি নিয়েই সব কাজ করা হয়েছে; অথচ কাজ করার পর তিনি অনুমোদন দেননি।