গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড চত্বরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের চত্বরে আওয়ামী লীগ-সমর্থিত দুটি শ্রমিক সংগঠন একই সময়ে সমাবেশ ডাকার ফলে উদ্ভূত উত্তেজনা প্রশমন ও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করতে আজ বৃহস্পতিবার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।পুলিশ ও পাউবো সূত্র জানায়, আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠেয় সিবিএ নির্বাচনকে সামনে রেখে পাউবো জাতীয় শ্রমিক-কর্মচারী লীগ আজ বৃহস্পতিবার সকাল নয়টায় বোর্ড অফিসের চত্বরে এক সমাবেশ ডাকে। পাউবো শ্রমিক-কর্মচারী লীগও একই সময়ে একই জায়গায় একই ইস্যুতে আরেকটি সমাবেশ ডাকে। দুই পক্ষই পাশাপাশি দুটি মঞ্চ নির্মাণ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে জেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।পাউবো জাতীয় শ্রমিক-কর্মচারী লীগের গাইবান্ধা জেলা শাখার সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরাই প্রথমে পাউবো চত্বরে সমাবেশ ডাকি। আমাদের সমাবেশ পণ্ড করতেই অপর পক্ষ সমাবেশ ডাকে।’অন্যদিকে পাউবো শ্রমিক-কর্মচারী লীগের গাইবান্ধা জেলা শাখার সম্পাদক সুলতান আহমেদ দাবি করেন, ‘আমাদের সমাবেশ ডাকার পরিকল্পনার কথা জেনে অপর পক্ষ একই স্থানে সমাবেশ ডাকে।’গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।