গাইবান্ধা শহরে খাবার পানি সংকট
গাইবান্ধা শহরের অধিকাংশ এলাকায় পাইপলাইনে পানি যাচ্ছে না। কোনো কোনো এলাকায় সামান্য পানি গেলেও তা অপরিষ্কার। পানির সঙ্গে ময়লা-আবর্জনা ও শ্যাওলা মিশ্রিত। কোথাও কোথাও কেঁচো পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে কর্তৃপক্ষের উদাসীনতায় পৌরসভা এলাকায় প্রতিদিন ৯১ হাজার গ্যালন পানি অপচয় হচ্ছে। ফলে শহরে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। গাইবান্ধা পৌরসভা সূত্র জানায়, ১৯৮৬ সালে শহরের মাস্টারপাড়া ও খানকা শরীফ এলাকায় পৃথক দুটি ওভারহেড ট্যাংক স্থাপিত হয়। ট্যাংক দুটির ধারণক্ষমতা যথাক্রমে এক লাখ ৬২ হাজার এবং ৬৬ হাজার গ্যালন। প্রায় এক লাখ লোক অধ্যুষিত শহরে দৈনিক পানির চাহিদা ৬০ লাখ ৫৬ হাজার গ্যালন। অথচ দৈনিক সরবরাহ করা হচ্ছে চার লাখ ৫৬ হাজার গ্যালন।এক অনুসন্ধানে দেখা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং রাস্তায় স্থাপিত পাবলিক ট্যাপকলের মুখ খোলা, দুর্বল পাইপ লাইন এবং পানি চুরির কারণে সরবরাহকৃত পানি থেকে দৈনিক ৯১ হাজার ২০০ গ্যালন পানি অপচয় হচ্ছে, যা দৈনিক সরবরাহকৃত পানির ২০ শতাংশ। অবশ্য পৌর কর্তৃপক্ষ শতকরা ১০ ভাগ পানি অপচয়ের কথা স্বীকার করে। সরেজমিন দেখা গেছে, পৌর এলাকায় দৈনিক সরবরাহ করা পানির অধিকাংশই অপচয় হচ্ছে রাস্তার পাশে খোলা ট্যাপ, পাইপের ছিদ্র ও বাসাবাড়িতে নেওয়া সংযোগ থেকে। শহরের সুখনগর এলাকার কলেজশিক্ষক সাখাওয়াত্ হোসেন বলেন, শহরের অনেক বাসায় বিল্ডিংয়ের ওপরে ব্যবহূত শতকরা ৮০ ভাগ ট্যাংকেরই ভাল্ব কর্ক নেই। ফলে এসব কর্ক দিয়ে সব সময় পানির অপচয় হচ্ছে। এ ছাড়া শহরের সর্বত্র কর্কবিহীন ট্যাংক লক্ষ করা যায়। এ কারণে ট্যাংক ভর্তির পর ব্যাপকভাবে পানি উপচে পড়ে অপচয় হয়। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। শহরের মধ্যপাড়ার সংস্কৃতিকর্মী মাহমুদুল গনি বলেন, তীব্র পানিসংকটের মধ্যেও কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতির কারণে একদিকে যেমন পানির অপচয় হচ্ছে, অন্যদিকে পানি জমে কর্দমাক্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। ফলে শহরবাসী নিদারুণ কষ্টে ভুগছে। বাধ্য হয়ে অনেকে পুকুর কিংবা নদীর অপরিষ্কার পানি ব্যবহার করে ডায়রিয়া বা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরে ৪ দশমিক ৫ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে সংযোগ দেওয়া হয়েছে তিন হাজার ৬০টি। নব্বইয়ের দশকে পৌরসভার আয়তন বাড়ানো হয়েছে। কিন্তু বর্ধিত পৌর এলাকার কনকরায়, সুখনগর, তিনগাছেরতল, বাংলাবাজার ও ব্রিজ রোডের অধিবাসীরা পানির সুবিধা পায়নি। এর মধ্যে মূল শহরের একাংশে অর্থাৎ ব্রিজ রোড এলাকায় পানির লাইন স্থাপনের দাবি দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি।গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক অভিযোগ করেন, পানি বিশুদ্ধ করার জন্য নিম্নমানের বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। ফলে প্রায়ই দূষিত ও দুর্গন্ধযুক্ত পানি, এমনকি পাইপলাইন দিয়ে অনেক সময় কেঁচোও আসছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না।গাইবান্ধা পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মাহবুবুল আলম নিম্নমানের ট্যাবলেট ও দূষিত পানি সরবরাহের কথা অস্বীকার করে বলেন, এসব ট্যাপের কর্ক বারবার বদলানো সত্ত্বেও চুরি যাচ্ছে। জনসচেতনতা না বাড়লে পানির অপচয় রোধ করা সম্ভব নয়। এ ছাড়া দুটি ওভারহেড ট্যাংকের মাধ্যমে কেবল এক হাজার ৫০০ জন গ্রাহককে চাহিদানুযায়ী পানি সরবরাহ করা সম্ভব। কিন্তু বর্তমানে দ্বিগুণেরও বেশি গ্রাহককে পানি সরবরাহ করা হচ্ছে। উপরন্তু লোডশেডিং তো আছেই। এসব কারণে পানি সরবরাহে কিছুটা সমস্যা হতে পারে। পৌরসভার মেয়র আনোয়ার-উল-হাসান বলেন, প্রতি মাসে প্রায় এক লাখ টাকা ভর্তুকি দিয়ে শহরে পানি সরবরাহের ব্যবস্থা চালু রাখা হয়েছে। কারণ প্রতি মাসে পানির গ্রাহকদের কাছে বিল পাওনা দাঁড়ায় দুই লাখ ৯৫ হাজার টাকা। উপরন্তু পানির বিল বাবদ এক কোটি টাকা অনাদায়ী রয়েছে। অথচ বর্তমানে মাসিক ব্যয় চার লাখ ১৩ হাজার টাকা। এর মধ্যে পানি সরবরাহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এক লাখ ৮৮ হাজার, বিদ্যুৎ বিল এক লাখ ৭৫ হাজার এবং অন্যান্য খরচ বাবদ ৫০ হাজার টাকা। এত সমস্যার পরও বর্ধিত এলাকায় পানি সরবরাহ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।