গাইবান্ধা শহরের ফুটপাত বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ফুটপাতগুলো বেদখল হয়ে গেছে। সেখানে গড়ে উঠেছে চায়ের স্টল, পান-সিগারেট ও জুতা-স্যান্ডেলের দোকান। কিন্তু ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে। পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। খোঁজ নিয়ে দেখা গেছে, গাইবান্ধা শহরের বেশিরভাগ সড়কের ফুটপাত বেদখল হয়েছে। এর মধ্যে পিকে বিশ্বাস রোড, ডিবি রোড, ভিএইড রোড, ব্রিজ রোড, বালাসী রোড, পলাশবাড়ী রোড ও কলেজ রোডের ফুটপাতে অবৈধ দখল বেশি। অবৈধ এসব দোকানের মধ্যে রয়েছে জুতা-স্যান্ডেল, পুরোনো কাপড়, চায়ের স্টল, পানের দোকান। জেলা রোভার স্কাউট সম্পাদক আজহারুল হক বলেন, এমনিতেই জেলা শহরের রাস্তাগুলো সংকুচিত। উপরন্তু পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুই ধারের ফুটপাতে দোকানপাট গড়ে উঠেছে। এ কারণে রাস্তাগুলো আরও ছোট হয়েছে। ফলে অনেক স্থানে যাত্রী নামিয়ে দুটো রিকশা একসঙ্গে ওভারটেক করতে হচ্ছে। অথচ ফুটপাত থেকে অবৈধ উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পৌরসভার সাবেক কাউন্সিলর শামছুল আলম বলেন, কর্তৃপক্ষকে মাসিক বখরা দিয়ে পৌরসভার প্রশাসনিক ভবন ঘেঁষেই স্টেশন রোডে গড়ে উঠেছে পুরোনো কাপড় ও জুতা-স্যান্ডেলের দোকান। অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্টেশন রোডের অবৈধ ফুটপাত দখলদার মিজান মিয়া বলেন, ‘অবৈধ দখল কি না জানি না। সরকারি রাস্তা পড়ে আছে তাই ব্যবসা-বাণিজ্য করছি। কর্তৃপক্ষ বললে ছেড়ে দেব।’এদিকে শহরে নির্দিষ্ট ট্রাকস্ট্যান্ড নেই। ফলে ব্যস্ততম ডিবি রোডের ফুটপাতে অধিকাংশ সময় ট্রাক দাঁড়িয়ে থাকে। রোডটি এখন অঘোষিত বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। শহরের পলাশবাড়ী রোডের আইনজীবী আনিস মোস্তফা বলেন, গাইবান্ধা বাসটার্মিনাল থেকে সুন্দরগঞ্জগামী অসংখ্য বাস শহরের ভেতর দিয়ে চলাচল করছে। বাসগুলো যাওয়া-আসার সময় ডিবি রোডের যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। ফলে লোকজনের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি যানজট বেড়েছে। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করেও কোনো ফল হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসমালিক বলেন, সুন্দরগঞ্জ থেকে শহরগামী যাত্রীদের সুবিধার্থে শহরের ভেতর দিয়ে বাস চালানো হচ্ছে। এতে দূরের যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। যাত্রীদের অনুরোধেই ডিবি রোডের যেখানে-সেখানে বাস দাঁড় করাতে হচ্ছে। অপরদিকে পলাশবাড়ী রোডের হকার্স মার্কেটের সামনের রাস্তা ঘেঁষে গড়ে উঠেছে কাঁচাবাজার ও ফলের দোকান। গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, যানজট রোধে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করলে রাস্তা সম্প্রসারিত হবে। ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে পৌর কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। ভোট কমে যাওয়ার ভয়ে জনপ্রতিনিধিরা তা করছেন না। এ প্রসঙ্গে গাইবান্ধা পৌর মেয়র আনোয়ার-উল-হাসান গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট হারানোর ভয়ে উচ্ছেদ না করার অভিযোগ সঠিক নয়। ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ ও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ছাড়া গোডাউন রোড ও বালাসী রোডের ফুটপাতে বাঁশ এবং ব্রিজ রোড ও ভিএইড রোডে ওয়েল্ডিং কারখানা গড়ে উঠেছে। বালাসী রোডের কলেজশিক্ষক জিয়াউল হাফিজ বলেন, ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ওয়েল্ডিং কারখানা চলাচলের চেয়েও বেশি ক্ষতি করছে চোখের। বিশেষত স্কুলগামী ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে ওইসব রোডে চলাচল করছে। মূল শহরের ঘাঘট সেতুর দুই পাশের ফুটপাত সারাক্ষণ হকারদের দখলে থাকে। বালাসী রোডের ফুটপাত দখলদার মো. আলম বলেন, ‘আমাদের কারণে যানজট সৃষ্টি হয় বুঝি, কিন্তু এ ছাড়া কোনো উপায় নেই। শহরে আমার কোনো জায়গা-জমি নেই। কোথায় যাব। তাই ফুটপাতেই ব্যবসা করছি। এই রোডে অন্য ফুটপাত দখলদারেরা একই মন্তব্য করেন।