গাইবান্ধা শহরের শহীদ মিনার চত্বরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের শহীদ মিনার চত্বরে একই সময়ে জেলা যুবদল ও উপজেলা জাসদ ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী, যুবদল ও জাসদ ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, অনেক দিন ধরে গাইবান্ধা শহরের ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। সম্প্রতি জাসদের নেতা ও সদর উপজেলার খোলাহাটি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল তাঁর লোকজন নিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খোলাহাটি ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইউনুস খান গুরুতর আহত হন। এ ঘটনায় উভয় পক্ষ গাইবান্ধা সদর থানায় দুটি মামলা করে।ইব্রাহিম খলিলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা সদর উপজেলা জাসদ ছাত্রলীগ আজ সকাল ১০টায় শহীদ মিনারে এক সমাবেশ আহ্বান করে। এদিকে, যুবদলের নেতা ইউনুসের ওপর হামলার প্রতিবাদে জেলা যুবদল একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বান করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ১৪৪ ধারা জারি করেন। এদিকে নির্দিষ্ট স্থানে সমাবেশ করতে না পারায় জাসদ ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল বের করে। অপর দিকে ইউনুসের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা যুবদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে উভয় পক্ষই পৃথক সমাবেশে বালু উত্তোলনের জন্য একে অপরকে দায়ী করে।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বালু উত্তোলন নিয়ে সংঘর্ষের ঘটনার কথা নিশ্চিত করেছেন।