গাইবান্ধায় অপহরণের পর শিশু হত্যা, আটক ৩
গাইবান্ধার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের আমিনুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে তাসিনকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা। সদর থানার পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তার লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনেক আটক করা হয়েছে। তাসিনের পরিবারের দাবি, গতকাল সকাল ১০টার দিক থেকে তাসিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় অজ্ঞাত একজন তাসিনের মা নীপা খাতুনের কাছে মোবাইল ফোনে কথা বলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ওই টাকা না দিলে তাসিনকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে তাসিনের পরিবারের সদস্যরা বিষয়টি সাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে জানান।চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়ে তিনি খবর নেন মোবাইল ফোন নম্বরটি কার। এভাবে খোঁজ করে জানা যায় স্থানীয় একটি দোকানের নম্বর সেটি। আর সেখান থেকে ফোনটি করেছেন জাহিদ নামের একজন। পরে রাত নয়টার দিকে জাহিদকে খুঁজে বের করা হলে তিনি স্বীকার করেন, তিনি এবং তাঁর দুই সহযোগী রুবেল ও পাভেল মিলে তাসিনকে অপহরণ করেছেন। মুক্তিপণ না পাওয়ায় তাকে হত্যা করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, জাহিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাসিনের লাশ গতকাল রাত তিনটার দিকে পীরগাছা গ্রামের বিল থেকে উদ্ধার করা হয় এবং জাহিদ, রুবেল ও পাভেলকে আটক করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ নিয়ে এখনো মামলা হয়নি।