গাইবান্ধায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর
জামায়াতের ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে গাইবান্ধায় বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে হরতালের সমর্থনকারীরা বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বগুড়ায় ট্রেনের লাইন উপড়ে ফেলায় গাইবান্ধায় সকাল থেকে দুটি ট্রেন আটকে আছে।গাইবান্ধা জেলা পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে। কোথাও বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। গাইবান্ধার রেলস্টেশন মাস্টার আবদুল ওয়াহেদ জানান, সান্তাহারগামী দুটি মেইল ট্রেন দোলনচাপা ও টুয়েন্টি ডাউন আটকে আছে। এখন সেগুলো লালমনিরহাটের দিকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।দুপুরে হরতালের বিরুদ্ধে স্লোগান দিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগের সমর্থকদের দোকানপাটে ভাঙচুর হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী সড়কের মাঠেরহাটে সকাল ১০টার দিকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছে হরতালের সমর্থনকারীরা।