গাইবান্ধার সঙ্গে চার জেলার ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা থেকে ঢাকা, শান্তাহার, লালমনিরহাট, রংপুর, দিনাজপুরের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে গাইবান্ধা স্টেশনে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার সময় প্রাণভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে শতাধিক যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শী ও রেল সূত্র জানায়, ট্রেনটির বগিগুলো অনেক পুরোনো। রেলের লালমনিরহাট বিভাগের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী দীপক কুমার সিংহ প্রথম আলো ডটকমকে বলেন, লুপ লাইনে দ্রুতগতিতে ট্রেনটি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেলা একটার দিকে বোনাপাড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।দুর্ঘটনাস্থল থেকে লালমনিরহাটের বিভাগীয় রেল ম্যানেজার (ডিআরএন) আবদুল হাই বলেন, এ ব্যাপারে বিভাগীয় ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট (ডিটিএস) মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।