গাইবান্ধায় অর্ধদিবস হরতাল পালিত
গাইবান্ধা শহরে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। গতকাল সোমবার বিএনপিসহ ১৮ দলের মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়। গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। ভোর থেকে বিএনপির কার্যালয়সহ পুরো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বিভিন্ন এলাকায় র্যাবের টহল দলও দেখা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে শহরের ব্রিজ রোডে ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশের বাধার মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। হরতাল চলাকালে পিকেটিংয়ের অভিযোগে ডিবি রোড থেকে আবু রায়হান নামের এক শিবিরকর্মীকে আটক করা হয়।হরতালের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা বাতিল করা হয়। রিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল করেনি।