গাইবান্ধায় আলু নিয়ে কৃষকেরা বিপাকে
গাইবান্ধার সাত উপজেলায় প্রয়োজনীয় হিমাগার নেই। গোটা জেলায় মাত্র দুটি হিমাগার রয়েছে। এর ধারণক্ষমতা ১৩ হাজার ৭৮১ মেট্রিক টন। অথচ এবার আলু উৎপাদন হয়েছে এক লাখ ৭০ হাজার ৬৬৬ মেট্রিক টন। ফলে আলু নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন। এদিকে স্থানীয় বাজারে আলুর দাম কমে গেছে। প্রতি কেজি আলু এখন আট টাকায় বেচাকেনা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, এবার জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। সাত উপজেলায় ১২ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু চাষ হয়েছে নয় হাজার ২৫৫ হেক্টর। এ ছাড়া এক লাখ ৫১ হাজার ১২৯ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও উৎপাদন হয় এক লাখ ৭০ হাজার ৬৬৬ মেট্রিক টন। অথচ আলু মজুদ রাখার জায়গা পাচ্ছেন না কৃষকেরা। সূত্রটি জানায়, ১৯৯৬ সালে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে তিন একর জমিতে এই আরভি হিমাগার গড়ে ওঠে। এর ধারণক্ষমতা সাত হাজার ৫৬ মেট্রিক টন। উপজেলার ধাপেরহাট গ্রামের কৃষক আবুল কাশেম (৪৫) বলেন, ‘এক একর জমিতে আলু চাষ করে এক মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ আলু হিমাগারে রাখতে পেরেছি।’ তিনি বলেন, আলু সংরক্ষণ করতে না পারলে চাষের সময় চড়া সুদে নেওয়া ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হবে। একই ইউনিয়নের ছাইগাড়ী গ্রামের কৃষক আল আমিন (৫৫) বলেন, ‘হিমাগার কর্তৃপক্ষ কোনো নিয়মানুযায়ী আলু নিচ্ছেন না। ফলে সাত দিন অপেক্ষা করেও এক বস্তা আলু হিমাগারে রাখতে পারিনি। হিমাগারের লোকজন টাকার বিনিময়ে বড় বড় ব্যবসায়ী আর মহাজনদের আলু নিয়েছেন। এ ছাড়া কোনো কারণ ছাড়াই গত বছরের চেয়ে আলু সংরক্ষণের ভাড়া বস্তাপ্রতি ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।’ধাপেরহাট আরভি হিমাগারের ম্যানেজার রফিকুল ইসলাম উেকাচ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, হিমাগারের ধারণক্ষমতা ৮৪ কেজির প্রতি বস্তা সাত হাজার ৫৬ মেট্রিক টন। ইতিমধ্যে এ পরিমাণ আলু মজুদ রাখা হয়েছে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও কৃষকদের আলু রাখা সম্ভব হচ্ছে না। এ ছাড়া মহাসড়কের ওপর হিমাগারটি অবস্থিত হওয়ায় পার্শ্ববর্তী পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও পীরগঞ্জ উপজেলার কৃষকেরা এখানে আলু সংরক্ষণ করেছেন। এ ছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া এলাকায় হিমাদ্রি হিমাগার গড়ে ওঠে ১৯৯৮ সালে। এখানে ধারণক্ষমতা ছয় হাজার ৭২৫ মেট্রিক টন। উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের কৃষক ওয়াহেদ আলী (৪৮) বলেন, ‘আমরা দূর থেকে ট্রলি ও রিকশা-ভ্যানযোগে হিমাগারে আলু নিয়ে এসেছিলাম। কিন্তু গত ১৫ দিনেও হিমাগারে আলু রাখতে পারেনি। কর্তৃপক্ষ হিমাগারের মূল গেট বন্ধ করে দিয়েছে।’ একই গ্রামের কৃষক কাসেম মিয়া (৪২) বলেন, ‘বর্তমান বাজার দর অনুযায়ী আলু বিক্রি করলে উৎপাদন খরচ উঠবে না। কিছুদিন হিমাগারে রেখে বিক্রি করলে ভালো দাম পাওয়া যেত। কিন্তু জায়গার অভাবে কোথাও রাখতে পারিনি। তাই বাড়িতে আলু রেখে বিপাকে পড়েছি।’ হিমাগার ম্যানেজার আজিম উদ্দিন বলেন, ধারণক্ষমতা অনুযায়ী আলু রাখা হয়েছে। এ ক্ষেত্রে হিমাগার কর্তৃপক্ষের করণীয় কিছু নেই। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অসীম কুমার পাল বলেন, কৃষকদের নিজ উদ্যোগে আলু সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে।