গাইবান্ধায় ইউএনওর বিরুদ্ধে মামলা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে এখতিয়ারবহির্ভূত ধারায় এক প্রকৌশলীকে এক মাসের দণ্ডাদেশ ও জরিমানা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রকৌশলী মঞ্জুরুল আলমের বাবা মহিউদ্দিন আলমগীর বাদী হয়ে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১০ মার্চ মাদক সেবনের অভিযোগে রংপুর বরেন্দ্র বহুমুখী প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মঞ্জুরুল আলমকে এক মাসের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মাদক নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ২৫ এবং ২২ (২) ধারায় সাদুল্যাপুর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক এই দণ্ড দেন। ওই দিনই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ১১ মার্চ মঞ্জুরুল তাঁর ওপর অন্যায়ভাবে নির্যাতন ও জখম করা হয়েছে মর্মে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কারাগার থেকে গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিমের আদালতে আবেদন করেন। বিচারক আবেদনটি আমলে নিয়ে তা বিচার বিভাগীয় তদন্তের জন্য জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আজিজুর রহমানকে আদেশ দেন। মঞ্জুরুল আলম বলেন, ‘আমার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য ১০ মার্চ সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে যাই। ওই দিন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিকল্পিতভাবে আমাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে শ্বশুরবাড়ির লোকেরা। পরে আমাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আমাকে এই দণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ এদিকে মঞ্জুরুল ২২ মার্চ জেলা কারাগার থেকে জেল সুপারের মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসানের আদালতে আপিল করেন। আপিল গ্রহণের পর আদালত ৩০ মার্চ জামিন প্রদান করেন। ২০ দিন কারা ভোগের পর তিনি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। মঞ্জুরুলের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী আইয়ুব আলী বলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাঁর রায়ে মঞ্জুরুল ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারায় জিজ্ঞাসাবাদের দোষ স্বীকারের কথা উল্লেখ করেছেন। কিন্তু দোষ স্বীকারের কাগজে মঞ্জুরুলের কোনো স্বাক্ষর কিংবা টিপসই নেই। ওই ধারায় অপরাধীর দোষ স্বীকারের বিষয়টি ত্রুটিপূর্ণ। এ ছাড়া মাদকদ্রব্য আইন ১৯৯০-এর ২৫ ও ২২ (২) ধারায় বিচার করতে পারেন দায়রা জজ আদালত। কেবল দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ধারায় রায় দিতে পারেন। এ ক্ষেত্রে তিনি এখতিয়ার-বহির্ভূতভাবে রায় প্রদান করেছেন। এদিকে মামলা দায়েরের তিন মাস পরও আদালত থেকে কোনো সমন পাননি বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক জানান। তিনি বলেন ‘আমার বিরুদ্ধে মানহানি ও আপিল মামলা দায়েরের কথা শুনেছি। কিন্তু কোনো নোটিশ পাইনি। তিনি বলেন, কারও দ্বারা প্রভাবিত হয়ে দণ্ডাদেশ প্রদানের অভিযোগ সঠিক নয়। মদ্যপান অবস্থায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আমাকে খবর দেয়। পরে আমি হাসপাতালে উপস্থিত হয়ে যাচাই-বাছাই ও সাক্ষ্যগ্রহণ করি। এ ছাড়া আসামি দোষ স্বীকার করায় ও কর্তব্যরত চিকিৎসকদের কাছে মদ্যপানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দণ্ডাদেশ প্রদান করি। তবে দণ্ডাদেশ দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি হতে পারে।’ তিনি বলেন, আসামি মৌখিকভাবে দোষ স্বীকার করেছেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় তাঁর স্বাক্ষর নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে এ ঘটনার কারণে প্রকৌশলী মঞ্জুরুল আলমকে তাঁর কর্মস্থল থেকে বরখাস্ত করা হয়েছে।