ইউপি নির্বাচন
গাইবান্ধায় এক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ শনিবার ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগে আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার নির্বাচন সমন্বয়কারী আবদুল ওহায়েদ প্রথম আলোকে জানান, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকেরা ব্যালট পেপার ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।আবদুল ওহায়েদ আরও জানান, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ ওঠায় কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা হারুন অর রশীদকে প্রত্যাহার করা হয়েছে।