প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) উপসহকারী প্রকৌশলী জাকির ইবনে আলী পাঠানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মো. শাহীন এই রায় দেন।জানা গেছে, ওই প্রকৌশলী নাজমুল হোসেন নামের এক ঠিকাদারকে আজ বিকেল তিনটা পর্যন্ত ঘুষ দেওয়ার জন্য সময় বেঁধে দেন। কিন্তু আজ সকালে ঠিকাদার ১২ হাজার টাকা ফটোকপি করে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) গাইবান্ধার উপসহকারী পরিচালক বরাবর জমা দেন। উপসহকারী পরিচালক বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করেন।পরে আজ বিকেলে ঠিকাদারের কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ম্যাজিস্ট্রেট প্রকৌশলী জাকিরকে হাতেনাতে ধরে ফেলেন এবং তাঁর কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধার করা টাকার মধ্যে ১২ হাজার টাকা নিরাপত্তা সংস্থাকে দেওয়া টাকার ফটোকপির সঙ্গে মিলে যাওয়ায় ঘটনাস্থলেই আদালত এই রায় দেন।উদ্ধার হওয়া ৪৫ হাজার টাকা বাজেয়াপ্ত করে ওই প্রকৌশলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।