গাইবান্ধায় এসিড মামলাগুলো ঝুলে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় সাক্ষী সমস্যার কারণে বিভিন্ন আদালতে বিচারাধীন এসিডসংক্রান্ত মামলাগুলোর কোনো অগ্রগতি হচ্ছে না। এসব মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। ফলে বেশির ভাগ মামলার বাদীই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া মামলা আপসের জন্য বাদীকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে মামলাগুলোর বিচারপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এদিকে গত আট বছরে এসিড নিক্ষেপের ঘটনায় বিভিন্ন আদালতে ১৮টি মামলা দায়ের হয়েছে, যা এখন বিচারাধীন। অন্যদিকে স্পেশাল ট্রাইব্যুনাল জজ-২ আদালতে বিচারাধীন মামলাগুলো বিচারকের বদলিজনিত কারণে পরবর্তী সাক্ষ্যগ্রহণ বিলম্বিত হচ্ছে। সরকারপক্ষের আইনজীবী (পিপি) আবদুল জলিল আকন্দ বলেন, বিচারকস্বল্পতা, সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে না আসা ও মামলার তারিখ দীর্ঘ হওয়ায় এসিডসংক্রান্ত মামলাগুলোর বিচার বিলম্বিত হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলায় গত আট বছরে এসিড নিক্ষেপের ঘটনায় বিভিন্ন থানায় ১৮টি মামলা হয়েছে। এর মধ্যে পলাশবাড়ী উপজেলায় ছয়টি, গোবিন্দগঞ্জে ছয়টি, সাঘাটায় একটি, সদরে দুটি, সাদুল্যাপুরে দুটি ও সুন্দরগঞ্জে একটি। এসব মামলার বেশির ভাগ পরিচালনায় সহায়তা করছে ব্র্যাক, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি। ব্র্যাকের পক্ষে এসিডসংক্রান্ত মামলা পরিচালনাকারী আনিস মোস্তফা বলেন, বিচারাধীন এসব মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। ফলে তাদের ভয়ে ওসব মামলার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন। এমনকি সাক্ষীদের অপহরণসহ নির্যাতনের ঘটনাও ঘটছে। এ ছাড়া আদালতে সাক্ষী না আসায় মামলাগুলোর বিচার বিলম্বিত হচ্ছে। মামলাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, প্রেমে প্রত্যাখ্যাত হওয়া, যৌতুক, জমিজমা নিয়ে বিরোধ, পূর্বশত্রুতা, প্রতিপক্ষকে ঘায়েল প্রভৃতি কারণে এসব ঘটনা ঘটেছে। নিরক্ষরতা, সচেতনতার অভাব ও গ্রাম্য রাজনীতির কারণে গ্রামাঞ্চলে সবগুলো এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, এসিডদগ্ধ ব্যক্তিদের বেশির ভাগই গরিব। দিনমজুর কিংবা রিকশা চালানোর কাজ করেন। মামলার খরচ চালাতে গিয়ে শেষ সম্বল বিক্রি করে অনেকে নিঃস্ব হয়েছেন। গাইবান্ধা ব্র্যাক, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি স্টাফ লইয়ার মাসুদ রানা জানান, ব্র্যাক প্রাথমিক অবস্থা থেকে এসিডদগ্ধ ব্যক্তিদের চিকিৎসাসহায়তা দিয়ে থাকে। এমনকি মামলা দায়ের ও বিচার হওয়া পর্যন্ত মামলা পরিচালনার খরচ বহন করা হয়। তবে এসব মামলার আসামিরা আপস করার জন্য দেনদরবার ও বাদীকে চাপ প্রয়োগ করে থাকে। ফলে বাদীরা সাক্ষীদের আদালতে উপস্থিত করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন। মামলাগুলোর অগ্রগতি বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগ এসিডসংক্রান্ত মামলার আসামিরা জামিনে আছে।২০০৬ সালের ১ জুন রাতে পলাশবাড়ী উপজেলায় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে রুপিয়া বেগমকে (৩৬) লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে তাঁর পিঠ ও পা ঝলসে যায়। এ ব্যাপারে রুপিয়া বাদী হয়ে দুজনকে আসামি করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি (এসিড-০৩/০৬) গাইবান্ধা স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২-এ বিচারাধীন। আসামিরা জামিনে আছে। রুপিয়ার অভিভাবক হিসেবে পিতা, স্বামী, সন্তান না থাকার কারণে আসামিরা মামলার সাক্ষীদের সাক্ষ্য প্রদান না করার জন্য ভয়-ভীতি দেখাচ্ছে। একই সালের ৪ এপ্রিল রাতে পলাশবাড়ী উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মনজু রানী (৩০) এসিড-সন্ত্রাসের শিকার হন। এতে তাঁর শরীর ঝলসে যায়। এ নিয়ে মনজু রানী বাদী হয়ে চারজনকে আসামি করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করায় বাদী মনজু রানী হাইকোর্টে রিভিশন মামলা করেন। বর্তমানে হাইকোর্টে মামলাটি (এসিড- ০৪/০৬) শুনানির অপেক্ষায় রয়েছে। এসিডদগ্ধ মনজু রানী বলেন, ‘মামলা দায়েরের চার বছর পরও আমার মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। ফলে আমি হতাশ হয়ে পড়েছি।’ মনজু রানীর স্বামী শাহারুল ইসলাম বলেন, ‘আমার সম্পদ বলতে বসতভিটাসহ এক বিঘা জমি ছিল। তা বিক্রি করে মামলার পেছনে খরচ করেছি। এখন আমরা নিঃস্ব। বর্তমানে মাথা গোঁজার ঠাঁই নেই। অন্যের বসতভিটায় বসবাস করছি।’২০০৮ সালের ২৯ অক্টোবর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের সাবিনা বেগমকে জমি লিখে না দেওয়ায় তাঁর স্বামী এসিড নিক্ষেপ করেন। এতে তাঁর বাম হাত ও পা পুড়ে যায়। এ ঘটনায় সাবিনা বাদী হয়ে দুজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরবর্তী সময়ে পুলিশ মামলায় (এসিড-২/০৯) চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে বাদী সাবিনা বেগম ওই প্রতিবেদনের বিরুদ্ধে গাইবান্ধা স্পেশাল টাইব্যুনাল আদালত-১-এ নারাজির আবেদন করেন। বর্তমানে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে। চলতি বছরে দুটি এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে ১৩ সেপ্টেম্বর রাতে সাদুল্যাপুর উপজেলার রেহেনা সুলতানকে (২০) প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এসিড নিক্ষেপ করে দুর্বত্তকারীরা। এতে তাঁর মুখ ও শরীর ঝলসে যায়। রেহেনার সঙ্গে একই বিছানায় থাকা তাঁর বোন রিমা খাতুনের হাত ও তাঁর মা রাজিয়ার পিঠ ঝলসে যায়। বর্তমানে রেহেনা ঢাকায় চিকিৎসাধীন। রেহেনার ভাই রোকনুজ্জামান বাদী হয়ে তিনজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় মামলা (জিআর ১৫) দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, আইনে আছে, এসব মামলার সাক্ষী আদালতে হাজিরা দিলে তাদের যাতায়াত খরচ দিতে হবে। এই খরচকে রাহা খরচ বলা হয়। কিন্তু বাস্তবে কোনো সাক্ষীকে খরচ দেওয়া হয় না। এ ছাড়া আর্থিক অবস্থা ভালো নয়, এমন সাক্ষীরা ধারদেনা করে দূর থেকে আদালতে সাক্ষ্য দিতে আসেন। তাঁরা সারা দিন আদালত প্রাঙ্গণে অপেক্ষা করেন। দুপুরে খাবার দূরের কথা, নাশতা করার পয়সাও তাঁদের থাকে না। এ অবস্থায় বিকেলে সাক্ষ্য দিতে আদালতে উঠে কী বলতে কী বলেন তা বুঝতে পারেন না। ফলে মামলার পরবর্তী ধার্য দিনে তাঁরা আদালতে আসতে চান না। অথচ ১৯৮৫ সালের আগে সাক্ষীদের রাহা খরচ দেওয়া হতো। তিনি বলেন, ‘অনেক সময় সাক্ষীদের হাজির করার জন্য ওয়ারেন্ট দেওয়া হয়। আদালতে হাজির করতে তাঁদের কাছে যাওয়া হলে তাঁরা পুলিশকে বলেন, “মামলার আসামি তো জামিনে আছে। আমাকে গ্রেপ্তার করে হাজির করবেন কেন?” তখন সাক্ষীদের বুঝিয়ে পুলিশের পকেট থেকে টাকা দিয়ে আদালতে আনা হয়।’ এসিড মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক ক্ষেত্রে পুলিশ মামলা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ বলেন, ‘এসিড নিক্ষেপের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারে পুলিশের উচ্চপর্যায়ের কঠোর নির্দেশ রয়েছে। এসিড নিক্ষেপ মামলাগুলো অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি মামলাগুলো নিয়মিত মনিটরিং ও মামলার অগ্রগতি রিপোর্ট মনিটরিং সেলের কাছে পাঠানো হচ্ছে।’