গাইবান্ধায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আ.লীগের
গাইবান্ধায় পুলিশের কনস্টেবল নিয়োগ কমিটির কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছেন ক্ষমতাসীন দলের নেতারা। আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এ অভিযোগ করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামছুল আলম ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে গত সোমবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়।আওয়ামী লীগের নেতা শামছুল আলম অভিযোগ করেন, চাকরি দেওয়ার কথা বলে অনেক প্রার্থীর কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা উেকাচ নেন নিয়োগ কমিটির কর্মকর্তা ও তাঁদের সহযোগীরা। এ কারণে যোগ্য প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ করা এবং যোগ্য প্রার্থীদের নিয়োগে পুনরায় পরীক্ষা অনুষ্ঠানের জন্য ফ্যাক্স করে ওই চিঠি পাঠানো হয়েছে।এদিকে আজ দুপুর দেড়টার দিকে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা গাইবান্ধার পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে ‘নিয়োগ বাণিজ্য’ বন্ধের দাবি জানান। এ সময় কার্যালয়ের ভেতরে ছিলেন নিয়োগ কমিটির প্রধান ও বগুড়ার পুলিশ সুপার হুমায়ন কবিরসহ অন্য পুলিশ কর্মকর্তারা। ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের দোতলা ভবনের নিচতলায় নেমে বিক্ষোভ করেন। তাঁরা নিয়োগ পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ ও ‘নিয়োগ বাণিজ্য’ বন্ধের দাবিতে স্লোগান দেন।জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান বলেন, কনস্টেবল নিয়োগ পরীক্ষা গ্রহণের পর সোমবারই ফলাফল ঘোষণার কথা। ফলাফল প্রকাশে অহেতুক টালবাহানা ও ‘নিয়োগ বাণিজ্যের’ প্রতিবাদ জানাতে গেলে নেতাদের সঙ্গে বগুড়ার পুলিশ সুপার দুর্ব্যবহার করেন। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্লোগান দেন।এ ব্যাপারে কথা বলতে বগুড়ার পুলিশ সুপারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।গাইবান্ধা জেলায় পুলিশ কনস্টেবল পদে ৬৮ জন লোক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত সোমবার। প্রার্থীদের কাছ থেকে উেকাচ গ্রহণের অভিযোগে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে পুলিশ সদর দপ্তর নিয়োগ কমিটির প্রধানের দায়িত্ব থেকে গাইবান্ধার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে অব্যাহতি দেন। একই সঙ্গে এ দায়িত্ব দেওয়া হয় বগুড়ার পুলিশ সুপার হুমায়ন কবিরকে।