গাইবান্ধায় কাবিখা প্রকল্পে শুভংকরের ফাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের কাজে শুভংকরের ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। বিশেষত স্থানীয় সাংসদের নামে বরাদ্দ করা প্রকল্পের গম লুটপাট হয়েছে বেশি। প্রকল্পের বেশির ভাগ বরাদ্দ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নামে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রকল্পের সিংহভাগ টাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী, প্রকল্প চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে। ফলে কাবিখা প্রকল্পের উদ্দেশ্য ভেস্তে গেছে।জেলা ত্রাণ কার্যালয় সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে জেলার সাত উপজেলায় ৬৫৮টি সাধারণ এবং বিশেষ কাবিখা প্রকল্পের বিপরীতে তিন কিস্তিতে পাঁচ হাজার ৭৪৯ মেট্রিকটন গম বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে সাত উপজেলায় সাধারণ প্রকল্পের আওতায় তিন হাজার ৪৫০ মেট্রিকটন এবং পাঁচটি আসনের সাংসদদের নামে বিশেষ কাবিখার আওতায় দুই হাজার ২৯৯ দশমিক ৫৬ মেট্রিকটন। এই পরিমাণ গম দিয়ে যথাক্রমে ৩৭৬ ও ২৮২টি প্রকল্প বাস্তবায়নের কথা। প্রকল্পের মধ্যে রয়েছে এলাকার রাস্তাঘাট, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাটি ভরাট করা।২০০৯ সালের ডিসেম্বর থেকে এসব প্রকল্পের কাজ শুরু হয়। চলতি বছরের মে মাসে তৃতীয় কিস্তিতে বিশেষ কাবিখার আওতায় এক হাজার ৫৪৯ দশমিক ৫৬০ মেট্রিকটন গম বরাদ্দ পাওয়া যায়। এসব কাজ ২৯ জুনের মধ্যে শেষ করার কথা। অথচ সরেজমিনে দেখা গেছে, যেনতেনভাবে শেষ করা হয়েছে প্রকল্পগুলোর কাজ। কিন্তু তুলে নেওয়া হয়েছে সম্পূর্ণ গম।সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহরিয়ার খান বলেন, স্থানীয় জাপা (এ) দলীয় সাংসদ তাঁর নামে বরাদ্দ বিশেষ কাবিখার গম এলাকার উন্নয়নে ব্যয় করেননি। ভুয়া কাগজপত্র তৈরি করে দলীয় নেতা-কর্মীদের নামে তিনি বরাদ্দ দেন। এটা দলীয় নেতা-কর্মীদের পুনর্বাসন কর্মসূচি ছাড়া কিছু নয়। ফলে কাজের কাজ কিছু হয়নি।এদিকে সরকারি বিধি অনুযায়ী গম দিয়ে শ্রমিকদের মজুরি পরিশোধের কথা। কিন্তু কোনো প্রকল্প চেয়ারম্যান শ্রমিকদের মজুরি হিসেবে গম দেননি। সাদুল্যাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শ্রমিক আজিজ মিয়া (৪২) জানান, রাস্তায় মাটির কাজে চুক্তি অনুযায়ী গম না দিয়ে টাকা দেওয়া হয়েছে। মজুরি হিসেবে গম বিতরণের টিপসইওয়ালা যে মাস্টাররোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে জমা দেওয়া হয়েছে, তা পুরোটাই বানোয়াট। প্রকল্প চেয়ারম্যানরা খাদ্যশস্যের ডিও খাদ্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন।জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দিনমজুর জোব্বার মিয়া (৪২) বলেন, ‘গোমের কতা শুনি কষ্টোকরি মাটি কাটার কাম করনো বাহে। কিনতু গোম না দিয়্যা চিয়ারমেনের ব্যাটারা হামারঘরোক ট্যাকা দিলো। গোম পাইলে হামারঘরে খাবার চিনতা গেলো হয়। একন বাজার থ্যাকি বেশি দামোত গোম-চাউল কেনান নাগচে।’সাদুল্যাপুরের নলডাঙ্গা গ্রামের দিনমজুর সেকেন্দার আলী (৫০) বলেন, ‘হামরা মাটি কাটার কাম করচি গোম পাইন্যাই। হামারঘোরক কামলার দাম ট্যাকা দিচে।’জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শাহ আলম বলেন, খাদ্যের পরিবর্তে টাকা দেওয়াটা বিধিবর্হিভূত। তবে এ বিষয়ে ত্রাণ কার্যালয়ের কিছু করার নেই।গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, শ্রমিকেরা কাজের বিনিময়ে গম পাননি। অথচ সেই সরকারি গমই তাঁদের বেশি দামে বাজার থেকে কিনতে হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক শহরের একজন খাদ্য ব্যবসায়ী বলেন, প্রকল্প চেয়ারম্যানরা কাজের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে আগাম টাকা নিয়ে থাকেন। পরে ব্যবসায়ীদের কাছে তাঁরা ডিও লেটার বিক্রি করে টাকা পরিশোধ করেন।সূত্রটি আরও জানায়, উপজেলা ওয়ারি সাধারণ কাবিখার মধ্যে সাদুল্যাপুর উপজেলায় ৪২০ দশমিক ২০০ মেট্রিকটন, সদরে ৬০২ দশমিক ২৭০ মেট্রিকটন, গোবিন্দগঞ্জে ৬৭৫ দশমিক ৫৯২ মেট্রিকটন, পলাশবাড়ীতে ৩৭৮ দশমিক ২৯৯ মেট্রিকটন, সাঘাটায় ৪০৭ দশমিক ১৪৭ মেট্রিকটন, ফুলছড়িতে ৩৪৬ দশমিক ৯৯৯ মেট্রিকটন ও সুন্দরগঞ্জে ৬২০ দশমিক ৪৮ মেট্রিকটন গম বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া সাংসদদের নামে সাদুল্যাপুর উপজেলায় ২৬২ দশমিক ৭৬৪ মেট্রিকটন, সদরে ৪২৬ দশমিক ৮২৩ মেট্রিকটন, গোবিন্দগঞ্জে ৪৫১ দশমিক ৮৮৩ মেট্রিকটন, পলাশবাড়ীতে ২৪৪ দশমিক ৪১ মেট্রিকটন, সাঘাটায় ২৬৬ দশমিক ৯৩১ মেট্রিকটন, ফুলছড়িতে ২২০ দশমিক ৫৪ মেট্রিকটন ও সুন্দরগঞ্জে ৪২৭ দশমিক ৬৪ মেট্রিকটন গম বরাদ্দ দেওয়া হয়।১৯ জুলাই সাদুল্যাপুর ও সাঘাটা উপজেলার কয়েকটি প্রকল্প ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটে মাটি ভরাটের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রি-ওয়ার্ক ও পোস্ট ওয়ার্ক মাপের গোজামিল দেখিয়ে কিছু প্রতিষ্ঠান ও রাস্তায় মাটি ফেলা হয়েছে। এর মধ্যে বিশেষ কাবিখা প্রকল্পের আওতায় সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোনাজ্জলের বাড়ি থেকে ফরিদপুর ইউনিয়নের চান্দকরিম গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য সাত মেট্রিকটন গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাস্তবে এখানকার দুই কিলোমিটারের মধ্যে মাত্র ৮৪০ মিটার অংশে সামান্য মাটি ফেলা হয়েছে।চান্দকরিম গ্রামের কৃষক মাসুদ মণ্ডল (৩৮) বলেন, ‘ছোটোত থ্যাকি হামরা এই আস্তাকোনা দিয়্যা পত্তেকদিন বাজারোত যাওয়া আইসা করি। কিন্তু মাটি কাটার কাম করতে দেকনো ন্যা।’ একই গ্রামের সমাজসেবক গৌড় চন্দ্র (৪৫) বলেন, ‘এই আস্তাকোনার কাছে হামারগরে বাড়ি। খালি শুনচি আস্তাকোনাত নাকি গোমের কাম হোবে। কামতো চোকোত পড়ল না। কাম করব্যার জন্নে ওমরা গোম আনে নাই। গোম আনচে মাড়ি (আত্মসাৎ) খাবার জন্নে।’প্রকল্প চেয়ারম্যান হাসান আলী আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই গম দিয়ে যে পরিমাণ কাজ করার কথা, তা করা হয়েছে।এ ছাড়া বিশেষ কাবিখা প্রকল্পের আওতায় একই উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য সাত মেট্রিকটন গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মাঠের চারদিকে লোক দেখানো সামান্য মাটি ফেলা হয়েছে। নলডাঙ্গা গ্রামের কলেজছাত্র জোহা মিয়া বলেন, ‘বিদ্যালয়সংলগ্ন রাস্তা দিয়ে প্রতিদিন বাড়িতে যাতায়াত করি। মাঠের কিছু অংশে মাটি ফেলে ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মাঠের বেশির ভাগ অংশই যেমন ছিল, তেমনি আছে।’নাম প্রকাশে অনিচ্ছুক একই গ্রামের একজন চাকরিজীবী বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরে আলম জাতীয় পার্টির (এ) স্থানীয় নেতা। সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনের দলীয় সাংসদ হওয়ায় তিনি বিদ্যালয়ের জন্য বিশেষ বরাদ্দ আনেন। এ ছাড়া তিনি সাদুল্যাপুর উপজেলার কাবিখা-টিআর প্রকল্পের ডিও বেচাকেনার হোতা। সাংসদ হিসেবে তিনি প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের মাঠ ভরাটের নামমাত্র কাজ করে গমের টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ভাগবাটোয়ারা করেছেন।সাদুল্যাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা শহরের বাসিন্দা শাহজাহান সোহেল বলেন, দীর্ঘদিন ধরে নুরে আলম ডিও কেনাবেচার ব্যবসা করছেন। তিনি প্রকল্প চেয়ারম্যানদের কাছ থেকে কম দামে কাবিখা-টিআর প্রকল্পের ডিও কিনেন। পরে সরকারি গুদাম থেকে খাদ্যশস্য তুলে বাজারে বেশি দামে বিক্রি করেন। তাঁর এসব কর্মকাণ্ড বন্ধের জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রস্তাব দিয়েও কোনো কাজ হয়নি।নুরে আলম ডিও কেনাবেচার কথা অস্বীকার করে বলেন, খামার দশলিয়া বিদ্যালয় মাঠে সামান্য মাটি ভরাটের অভিযোগ ঠিক নয়। বরং সাত টন গম খরচ করার পরও বিদ্যালয় থেকে মাটি ফেলার কাজে ভর্তুকি দেওয়া হয়েছে।প্রকল্প চেয়ারম্যান বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদ বলেন, ভাগবাটোয়ারার অভিযোগ সঠিক নয়। বরাদ্দ পাওয়া পুরো গমের কাজই সঠিকভাবে করা হয়েছে।সাদুল্যাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারুল ইসলাম ভাগবাটোয়ারার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাইনি।’এ প্রসঙ্গে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।অন্যদিকে সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের থৈকরেরপাড়া গ্রামের জোবেদ আলী জামে মসজিদ থেকে হলদিয়া ইউনিয়নের সীমানা পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণে ছয় মেট্রিকটন গম বরাদ্দ দেওয়া হয়। জুমারবাড়ী গ্রামের শিক্ষক রাশিদুল ইসলাম বলেন, ‘আমি প্রায়ই ওই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকি। রাস্তায় নামমাত্র মাটি ফেলা হয়েছে। সিংহভাগ গমের টাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সরকার দলীয় নেতা-কর্মীদের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে।’প্রকল্প চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুুর রাজ্জাক ভাগবাটোয়ারার কথা অস্বীকার করে বলেন, সঠিকভাবেই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘এ ধরনের অনিয়মের কোনো অভিযোগ পাইনি।’এদিকে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের জাতীয় পার্টি (এ) দলীয় সাংসদ ড.টি.আই.এম ফজলে রাব্বি চৌধুরী লুটপাট ও দলীয় সমর্থকদের প্রকল্পের কাজ দেয়ার কথা অস্বীকার করে বলেন, বিশেষ কাবিখা প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতির সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বররা যেসব কাজ করেছে সেগুলোতে অনিয়ম হয়েছে। তবে তিনি স্বীকার করেন, কিছু এলাকায় বরাদ্দকৃত বিশেষ কাবিখার কাজে অনিয়ম হতে পারে। এলাকায় আমার খুব একটা যাওয়া হয়না বলে সেগুলো তদারকি করতে পারছি না। এসব দেখার দায়িত্ব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। অথচ প্রকল্প কর্মকর্তা সেগুলো তদারকি করেন না।