গাইবান্ধায় কারিগরি কলেজগুলোর একি হাল!
গাইবান্ধায় অধিকাংশ কারিগরি কলেজে পাঠদানের উপযোগী ভবন নেই। নেই বিদ্যুৎ-সংযোগ, প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা চেয়ার, টেবিল ও বেঞ্চ। আধাপাকা ঘর থাকলেও জানালা-দরজা নেই। সীমানাপ্রাচীর না থাকায় কলেজ ক্যাম্পাসের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এমনকি ভাড়া বাসায় কলেজের কার্যক্রম চালানোর নজির রয়েছে। এদিকে কোনো কলেজেই সরকারি কম্পিউটার নেই। এ কারণে কারিগরি শিক্ষা ব্যাহত হচ্ছে।জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার সাতটি উপজেলায় ১৫টি কারিগরি কলেজ রয়েছে। এর মধ্যে সাদুল্যাপুর উপজেলায় তিনটি, সদরে দুটি, গোবিন্দগঞ্জে দুটি, পলাশবাড়িতে দুটি, সুন্দরগঞ্জে তিনটি, সাঘাটায় দুটি ও ফুলছড়িতে একটি। সরকার কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বললেও বাস্তবচিত্র ভিন্ন। বেশির ভাগ কারিগরি কলেজের নাজুক অবস্থা। এসব কলেজে প্রয়োজনীয় শিক্ষক থাকলেও তাঁরা বেতন-ভাতা পান না।সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের কয়েকটি কলেজ ঘুরে দেখা গেছে, কলেজগুলোতে কাগজ-কলমে সবই আছে—বাস্তবে নেই। বিশেষত, কলেজগুলোতে অবকাঠামোগত-সুবিধা নেই বললেই চলে। এর মধ্যে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভবন বলতে ২৫ হাত আধাপাকা ঘর। ঘরের মোট তিনটি কক্ষ। একটিতে অফিস, অন্য দুটিতে পাঠদান চলে। দুটি কক্ষেই জানালা-দরজা নেই। গোটা কলেজে মাত্র ৩০ জোড়া বেঞ্চ আছে।কলেজের ছাত্র সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গ্রামের আশিক মাহমুদ জানায়, ‘কলেজে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় গাদাগাদি করে বসে ক্লাস করতে হচ্ছে। এ ছাড়া জানালা-দরজা না থাকায় বৃষ্টির দিনে পাঠদান বন্ধ থাকে। ফলে আমরা নিয়মিত পাঠ গ্রহণ থেকে পিছিয়ে পড়ছি।’ কলেজের অন্য ছাত্র একই উপজেলার গোবিন্দপুর গ্রামের শাহজাহান মিয়া জানায়, ঝড়ের দিনে ক্লাস করা দূরের কথা, পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়। বিষয়টি স্যারদের জানিয়েও কোনো কাজ হচ্ছে না।এদিকে ২০০২ সালে স্থাপিত এ কলেজে ১৫ জন শিক্ষক এবং ৬৩ জন ছাত্রছাত্রী রয়েছে। কিন্তু দীর্ঘ আট বছরেও শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হননি। কলেজের শিক্ষক শাহীন মিয়া বলেন, ‘বেতন-ভাতা হবে—এ আশায় রয়েছি। কিন্তু আট বছরেও কপালে ভাতা জুটল না। অন্য পেশা বেছে নেব তাও পারছি না। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি।’ অন্য দিকে প্রতিটি কারিগরি কলেজে বিদ্যুৎ-সংযোগ বাধ্যতামূলক। কিন্তু অর্থাভাবে এ কলেজে বিদ্যুৎ-সংযোগ নেওয়া সম্ভব হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানান।ধাপেরহাট গ্রামের সংস্কৃতিকর্মী আজিজ মিয়া বলেন, বর্তমানে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারণ কারিগরি শিক্ষা লাভ করে চাকরি না পেলেও সমস্যা নেই। নিজস্ব উদ্যোগে কারিগরির ছাত্ররা জীবিকার পথ বেছে নিতে পারে। অথচ সরকার এ শিক্ষার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না।কলেজটির অধ্যক্ষ খায়রুল বাশার বলেন, ২০০৫ সাল থেকে কলেজের ছাত্রছাত্রীরা এইচএসসি (কারিগরি) পরীক্ষায় অংশ নিচ্ছে। নিয়মিত পাঠদানের কারণে প্রতিবারই গড় পাসের হার ৮০ ভাগ। এ ক্ষেত্রে কলেজটি এমপিওভুক্ত হওয়ার দাবিদার। তিনি বলেন, কলেজে ভবন নির্মাণ ও জানালা-দরজা নির্মাণে সহায়তা চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছে। একই বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে কারিগরি শিক্ষার প্রসারে এলাকার লোকজনের সহায়তায় কলেজটি গড়ে উঠেছে। এখানে ১৫ জন বেকারের কর্মসংস্থান হয়েছে। কিন্তু বারবার আবেদন জানালেও কলেজটি এমপিওভুক্ত করা হচ্ছে না। এমপিওভুক্তকরণের ফাইল এখন সরকারের লালফিতায় বন্দী।এ ছাড়া একই ইউনিয়নে অবস্থিত হিংগারপাড়া উচ্চবিদ্যালয় ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একই অবস্থা। এখানে ২০০২ সালে কলেজ শাখা চালু করা হয়। কারিগরি শাখায় ছাত্রছাত্রী ৪৫ জন। কিন্তু কলেজ শাখার জন্য পৃথক কোনো শ্রেণীকক্ষ নেই। নেই বিদ্যুৎ-সংযোগ। বিদ্যালয়ের দুটি কক্ষেই পাঠদান করা হচ্ছে। এ ছাড়া কলেজ শাখায় সাতজন শিক্ষক থাকলেও তাঁদের এমপিওভুক্ত হয়নি। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, কলেজ শাখার শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন জানানো হয়েছে। অথচ কোনো কাজ হচ্ছে না। ধাপেরহাট ইউনিয়নে ২০০৪ সালে গড়ে ওঠে ছফিরণনেছা আবদুল শেখ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ। কলেজের নামে জমি থাকলেও নিজস্ব ভবন নেই। ভাড়া বাড়িতে প্রশাসনিক কাজ ও পাঠদান চলে। এ কলেজে শিক্ষক-কর্মচারী ১৪ জন এবং ছাত্রছাত্রী ৩৬ জন। কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, অর্থাভাবে কলেজে ভবন নির্মাণ করা যায়নি। তবে ভবন নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে। এমপিওভুক্ত করার জন্য তদবির অব্যাহত রয়েছে।অন্যদিকে বাংলাদেশ সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের নামে ১৯৯৫ সালে গাইবান্ধা শহরে আবু হোসেন সরকার মহিলা কলেজ গড়ে ওঠে। কলেজে শিক্ষক-কর্মচারী নয়জন ও ছাত্রী ২০০। কলেজের অধ্যক্ষ এনামুল হক মণ্ডল বলেন, ‘কারিগরি শিক্ষার প্রসারে প্রতিটি কলেজে সরকারি কম্পিউটার দেওয়ার কথা থাকলেও কোনো কলেজ তা পাচ্ছে না। কলেজের ফান্ড থেকে কম্পিউটার কিনে কাজ চালানো হচ্ছে।’ তিনি আরও বলেন, জেলার অন্যান্য কারিগরি কলেজের তুলনায় এখানে ছাত্রীসংখ্যা অনেক বেশি। কিন্তু কলেজে প্রয়োজনীয় আসবাবপত্র ও বেঞ্চ নেই। জেলার অন্যান্য কারিগরি কলেজে অভিন্ন অবস্থা বিরাজ করছে। এ প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী প্রথম আলোকে বলেন, ‘কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। তবে ভবন নির্মাণ কিংবা সংস্কারকাজ শিক্ষা বিভাগের ফ্যাসিলিটিজ শাখা করে থাকে। এ ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসের কোনো করণীয় নেই।’