গাইবান্ধায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের হিসাবরক্ষক জুলকার নাইমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে গঠিত দুই সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়। সাময়িক বরখাস্ত করার পর তাঁকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জুলকার নাইম ভুয়া বরাদ্দপত্রের মাধ্যমে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে প্রায় এক কোটি টাকা আত্মসাত্ করেন। পরিবার পরিকল্পনা অফিসের ভবন সংস্কার ও রক্ষণাবেক্ষণ, ক্লিনিক পরিচালনা, পরিবহন, স্টেশনারিসহ বিভিন্ন খাতে ভুয়া বরাদ্দপত্র দেখিয়ে এই টাকা আত্মসাত্ করা হয়। সে সময় এরসঙ্গে জড়িত তত্কালীন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুকুল কান্তি সরকারকে ওএসডি করা হয়। সাময়িক বরখাস্ত করা হয় হিসাবরক্ষণ অফিসের তত্কালীন অডিটর আবদুল মতিন ও আমিনুল ইসলামকে। কিন্তু সে সময় জুলকার নাইমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গোবিন্দগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘জুলকার নাইম ভুয়া বরাদ্দপত্র দেখিয়ে আগের পরিশোধিত প্রায় ৩৭ লাখ ৬৮ হাজার টাকার একটি বিলে দ্বিতীয় দফায় হিসাবরক্ষণ অফিসের পক্ষ হয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাক্ষর নিতে এলে আত্মসাতের ঘটনা ধরা পড়ে। কাগজপত্র যাচাই-বাচাই করলে আত্মসাতের পরিমাণ বাড়তে থাকে।’ অভিযুক্ত জুলকার নাইম বলেন, ‘বরখাস্তের চিঠি পেয়েছি। তবে ভুয়া বরাদ্দপত্র তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়। অফিসে কাজ করতে গিয়ে কিছু ভুলত্রুটি হতে পারে।’ এ নিয়ে গত ১৩ সেপ্টেম্বর প্রথম আলোর আলোকিত পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।