দলীয়করণ ও অব্যবসায়ীদের নিয়োগের অভিযোগ
গাইবান্ধায় খুচরা বিক্রয় প্রতিনিধি সার তোলেননি!
গাইবান্ধার প্রতিটি ইউনিয়নে নয়জন করে খুচরা সার বিক্রয় প্রতিনিধি নেওয়া হয়েছে। তাঁরা ইউনিয়নের মূল ডিলারের কাছে সার নেবেন। সেই সার বিক্রি করবেন গ্রামের হাট-বাজার, পাড়া-মহল্লায়। উদ্দেশ্য কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া। যাতে কৃষকেরা হয়রানির শিকার না হন। এ হিসেবে জেলার সাত উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় ৭২৫ জন। কিন্তু চলতি বোরো মৌসুমে গাইবান্ধার অধিকাংশ খুচরা বিক্রয় প্রতিনিধি কোনো প্রকার সার উত্তোলন করেননি বলে জানা গেছে।বিক্রয় প্রতিনিধিরা বলছেন, বিক্রয়ের সরকারি নীতিমালা না পাওয়ায় সার তোলা হয়নি। কৃষি বিভাগ বলছে, প্রতিনিধিরা সার না তুললেও ইউনিয়ন ডিলারদের কাছে চাহিদানুযায়ী সার পেয়েছেন কৃষকেরা। এ নিয়ে কৃষি বিভাগের কোনো তদারকি চোখে পড়েনি। এদিকে বিক্রয় প্রতিনিধি নিয়োগে দলীয়করণ ও অব্যবসায়ীদের নিয়োগ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বরে জেলার সাত উপজেলার ৮৪টি ইউনিয়নের প্রতিটিতে নয়জন করে ৭৫৬ জন খুচরা সার বিক্রয় প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ জন্য এক হাজার ৭২০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৭২৫ জন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়। খোঁজ নিয়ে দেখা গেছে, সে সময় এসব প্রতিনিধি মনোনয়নে চলে নিয়োগ-বাণিজ্য। সরকারদলীয় হস্তক্ষেপে বিক্রয় প্রতিনিধির তালিকায় ছাত্র, শিক্ষক, গ্রাম পুলিশ, মাদক ব্যবসায়ী, অব্যবসায়ী লোকজন, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজনের নাম দেওয়া হয়েছে। গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, বিক্রয় প্রতিনিধি নিয়োগে দলীয়করণ ও অনিয়মের কথা সবাই জানেন। সরকারের এই উদ্দেশ্য ভালো হলেও অব্যবসায়ীদের প্রতিনিধি নিয়োগ করায় তা ব্যর্থ হয়েছে। এ ছাড়া স্থানীয় সাংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পৃথক তালিকা দাখিল করায় কৃষি বিভাগকে বিড়ম্বনা পোহাতে হয়। এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষি কর্মকর্তা বলেন, ‘প্রতিনিধি নিয়োগ কৃষি বিভাগের কাজ হলেও সাংসদ ও স্থানীয় সরকারদলীয় নেতা-কর্মীদের চাপে আমাদের করার কিছু ছিল না।’শুধু তা-ই নয়, ট্রেড লাইসেন্স, ব্যবসাপ্রতিষ্ঠান ও সারব্যবসার অভিজ্ঞতা আছে—এমন প্রকৃত ব্যবসায়ীকে বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়ার কথা। কিন্তু প্রতিজন বিক্রয় প্রতিনিধি নিয়োগে ২০ থেকে ২৫ হাজার টাকা উেকাচ নিয়ে ছাত্র, শিক্ষক, অব্যবসায়ী, গ্রাম পুলিশ, মাদক ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধির আত্মীয়-স্বজনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সরকারদলীয় প্রভাব ও উেকাচ নিয়ে যেসব অব্যবসায়ীকে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে তাঁরাই সার উত্তোলন থেকে বিরত রয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকার বিক্রয় প্রতিনিধি গোপাল মোহন্ত বলেন, ‘ইউনিয়ন ডিলারদের কাছ থেকে কত দামে সার কিনতে হবে ও কৃষকদের মধ্যে কত দামে বিক্রি করতে হবে সে বিষয়ে কোনো সরকারি নির্দেশনা না পাওয়ায় সার উত্তোলন করতে পারেনি। ফলে বোরো রোপণের আড়াই মাস অতিবাহিত হলেও হাত গুটিয়ে বসে আছি। অথচ গত বছরের ২৫ অক্টোবর খুচরা সারবিক্রেতা হিসেবে আইডি কার্ড পেয়েছি।’ একই উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের পারবয়রা এলাকার বিক্রয় প্রতিনিধি লিংকন মিয়া বলেন, ‘অনেক কাঠখড় পুড়িয়ে বিক্রয় প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছি। কিন্তু সরকারি নীতিমালার অভাবে সারের ব্যবসা করতে পারলাম না।’ একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক রেজাউল করিম (৪০) বলেন, ‘কৃষকদের হাতের কাছে সার পৌঁছে দেওয়ার জন্য সরকার ঢাকঢোল পেটালেও সেই সুযোগ পাইনি। আগের মতো ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করতে হয়েছে।’ গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহেদ বলেন, প্রতিজন বিক্রয় প্রতিনিধির জন্য ৩০ হাজার টাকা জামানত নির্ধারণ করা হয়। কিন্তু উপজেলার কেউ জামানত না দেওয়ায় তাঁরা সার তুলতে পারেননি। গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ আব্দুর রশিদ সরকার বলেন, সে সময় ইউনিয়ন ও উপজেলা সার বিক্রয় প্রতিনিধি বাছাই কমিটি গঠনে মন্ত্রণালয়ের পরিপত্র মানা হয়নি। কমিটিতে ক্যাটাগরি অনুযায়ী মনোনয়ন না দিয়ে সাংসদেরা দলীয় লোকজনের নাম দিয়েছেন। ফলে বিক্রয় প্রতিনিধি বাছাই নিরপেক্ষ না হয়ে দলীয়করণ হয়েছে। যে কারণে বিক্রয় প্রতিনিধিরা সার উত্তোলনে আগ্রহী নন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অসীম কুমার পাল বলেন, চলতি মৌসুমে সার উত্তোলন না করা বিক্রয় প্রতিনিধিদের তালিকা তৈরির প্রস্তুতি চলছে। তালিকায় যাঁদের নাম পাওয়া যাবে আগামী মৌসুমে তাঁদের নবায়ন বাতিল করা হবে। তিনি বলেন, এবার জেলায় বিভিন্ন প্রকার সার পর্যাপ্ত পরিমাণ মজুদ ছিল। তাই অধিকাংশ বিক্রয় প্রতিনিধি সার উত্তোলন না করলেও ইউনিয়ন ডিলারদের কাছ থেকে চাহিদানুযায়ী সার পেয়েছেন কৃষকেরা।