গাইবান্ধায় গৃহবধূ পুড়িয়ে হত্যা, আটক ২
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জানিপুর গ্রামের গৃহবধূ জেলেখা বেগমকে (৫০) গত বুধবার রাতে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। জেলেখাকে তাঁর স্বামী হত্যা করেছেন বলেছে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় আজ শুক্রবার দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামের দেলোয়ার বেপারি এবং তাঁর স্ত্রী স্বপ্না বেগম। পুলিশ ও নিহত জেলেখার পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাত আটটার দিকে সাইদুর দ্বিতীয় স্ত্রীর ঘরে লাগানোর জন্য প্রথম স্ত্রী জেলেখার ঘরের একটি বৈদ্যুতিক বাতি খুলে নেন। সে সময় জেলেখা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাইদুর জেলেখাকে মারধর করেন। একপর্যায়ে সাইদুর তাঁর দ্বিতীয় স্ত্রী রুনু বেগমের সহযোগিতায় জেলেখার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। জেলেখার চিত্কারে এলাকাবাসী এগিয়ে এলে সাইদুর ও তাঁর দ্বিতীয় স্ত্রী পালিয়ে যান। পরে এলাকাবাসী জেলেখাকে সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত জেলেখার বাবা নজরুল সাইদুরসহ তাঁর পরিবারের ছয়জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আজ দ্বিতীয় স্ত্রীর বাবা দেলোয়ার ও মা স্বপ্না বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।