গাইবান্ধায় ঘাঘট নদীর মৃত্যু!
গাইবান্ধা শহরের বুক চিরে প্রবাহিত হয়েছে ঘাঘট নদী। লুপকাটিং করে গতিপথ পরিবর্তন করায় নদীটি তার আগের স্বতঃস্ফূর্ততা হারিয়েছে। এ ছাড়া সংস্কারের অভাব ও ময়লা-আবর্জনা ফেলায় এটি এখন ভরাটপ্রায়। এ সুযোগে একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি নদীর দুই ধারের জায়গা দখল করে নিয়েছে। সেখানে রাতারাতি গড়ে উঠেছে বসতবাড়ি ও দোকানপাট। এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। অব্যাহত রয়েছে অবৈধ দখল উচ্ছেদ আন্দোলন। কিন্তু গত ১০ বছরেও নদীটিকে অবৈধ দখলমুক্ত করা যায়নি। বরং প্রতিবছর দখলদারদের সংখ্যা বাড়ছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১৯৯৯-২০০০ সালে শহরের উত্তর পাশে লুপকাটিং করে নদীটির গতিপথ পরিবর্তন করা হয়। এতে ব্যয় হয় প্রায় ২২ কোটি টাকা। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সবুজপাড়া নামক স্থানে ঘাঘট নদীর ওপর নির্মিত হয় সেতু। তখন থেকে নদীটি নাব্যতা হারায়। শহরের পূর্ব দিকের কুঠিপাড়া থেকে পশ্চিম দিকের সরকারপাড়া পর্যন্ত স্রোতহারা এ নদীর দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, অবৈধ দখল উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। বরং রক্ষণাবেক্ষণের অভাবে নদীটি যেন ডাস্টবিনে পরিণত হয়েছে। তিনি বলেন, পৌরসভায় প্রায় ৬০ হাজার লোকের বাস। এর মধ্যে প্রতিদিন শহরের অন্তত ১০ হাজার পরিবার নদীতে বর্জ্য ফেলছে। এমনকি পৌরসভার ময়লা-আবর্জনা বহনকারী ট্রাকও এখানে ময়লা ফেলে। ফলে নদীর পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও উদাসীনতা তো রয়েছেই। সরেজমিনে দেখা গেছে, নদীটির দুই তীরঘেঁষে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকানপাট নির্মিত হয়েছে। ইদানীং নদীর তীরঘেঁষে বিভিন্ন দোকানপাট গড়ে উঠছে। কেউ কেউ বসতবাড়ি নির্মাণের জন্য খুঁটি পুঁতে সীমানা নির্ধারণ করে রেখেছেন। অনেকে বৃক্ষরোপণ করে সীমানা দখলে নিয়েছেন। এমনকি নদীর তলদেশ আবাদি জমি হিসেবেও ব্যবহার করা হচ্ছে।শহরের ব্রিজ রোডের শিক্ষক রেজাউল আমিন বলেন, জেলা প্রশাসকের বাসভবন ও সদর উপজেলা ভূমি অফিসের পাশেই নদী দখলের ঘটনা ঘটলেও দেখার কেউ নেই। অজ্ঞাত কারণে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে না। জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেন, নদীটির কী পরিমাণ জায়গা অবৈধ দখল হয়েছে, তা জরিপ করা হচ্ছে। জরিপ শেষ হলে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সরকারপাড়া, ডেভিডকোংপাড়া, ব্রিজ রোড, একোয়াস্টেটপাড়া, কালীবাড়ী, কুঠিপাড়া ও সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মিয়াপাড়া, পূর্ব কোমরনই এলাকার ছয় শতাধিক পরিবার নদীর জায়গা দখলে নিয়েছে। অথচ চার বছর আগে এসব এলাকায় দখলদারের সংখ্যা ছিল ৩০০ পরিবার। এ সময়ের মধ্যে দখলদারের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। গাইবান্ধা পৌরসভার সাবেক কাউন্সিলর শামছুল আলম বলেন, জেলা শহর হলেও এখানে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে ঘাঘট নদীর ধারে এসে মানুষ মুক্ত আবহাওয়ায় কিছুক্ষণ হলেও অবসর সময় কাটাতে পারত। কিন্তু অসংখ্য স্থাপনা গড়ে ওঠায় নদীর দুই তীর দিয়ে হাঁটার কোনো উপায় নেই। অথচ নদীটি অবৈধ দখলমুক্ত করতে ব্যবস্থা নেয়া হলে এ অবস্থা হতো না। এখনো অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ না থাকায় দখল অব্যাহত রয়েছে। অবৈধ দখলদার শহরের পূর্বপাড়ার প্রভাবশালী আবদুর রহমান (৪৫) বলেন, অবৈধভাবে দখল করিনি। পতিত থাকার কারণে আপাতত দখল করে ঘর করেছি। পরে নদীর জায়গা লিজ নিতে আবেদন জানিয়েছি। একই এলাকার আকবর আলী (৪৮) বলেন, অনেকেই তো নদীর জায়গা দখল করেছে। তাই আমিও দুই শতকের মতো জায়গা দখলে নিয়ে বসবাস করছি। সরকার চাইলে ছেড়ে দেব। শহরের কুঠিপাড়ার ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৬) বলেন, আমি প্রশাসনের কাছে পাঁচ শতক জায়গা লিজ নেওয়ার আবেদন জানিয়েছি। এখনো অনুমতি পাইনি। অবশ্য তিনি লিজ নেওয়া সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ দখলদারদের অনেকে একই মন্তব্য করেন।এদিকে রাজনৈতিক দলের পরিচয়ে অনেকে নদী দখলের পাঁয়তারা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। শহরের ডেভিড কোংপাড়ার শ্রমিক নেতা নুরুল হোসেন অভিযোগ করেন, ভূমি অফিস ও প্রশাসনের সঙ্গে যোগসাজশে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নদীর জায়গা দখল করে নিচ্ছে। অথচ এই নদীতে লেক তৈরি কিংবা পরিকল্পিতভাবে মত্স্য চাষ করা সম্ভব। এ প্রসঙ্গে জেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মাহবুবর রহমান তালুকদার বলেন, ঘাঘট নদীতে মাছ চাষের জন্য ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে মত্স্য বিভাগের ১০ বছরের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ৫০ হাজার টাকা ব্যয়ে নদীতে অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। তিন বছর ধরে এখানে মাছ চাষ হচ্ছে। পৃথক তিনটি সুফলভোগী ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুধু নদীর জায়গা দখলই নয়, একশ্রেণীর অসাধু ব্যক্তি নদী থেকে বালু তুলে বিক্রি করছে। স্থানীয় বাজারে প্রতি স্কয়ারফুট বালু নয় টাকায় বিক্রি হচ্ছে। এখানকার বালু পাঠানো হয় পাশের সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায়। শহরের বালু ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, বালু উত্তোলন বৈধ কিংবা অবৈধ বুঝি না। নদীর জায়গা সরকারি। তাই বালু বিক্রির ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, দুই দিক থেকে নদীটির মুখ বন্ধ করে দেওয়ায় এটি পরিত্যক্ত হয়ে পড়েছে। এটি শহরের ভেতর দিয়ে প্রবাহিত। তাই নদীটির রক্ষণাবেক্ষণের দায়ভার পৌরসভার। গাইবান্ধার পৌর মেয়র আনোয়ার-উল-হাসান বলেন, পৌরসভার উদ্যোগে এ নদীতে বিনোদনের জন্য লেক তৈরির একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকা ব্যয় হবে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের সৌন্দর্য বাড়বে। অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, নদীর জায়গা থেকে অবৈধ দখলদারদের তালিকা তৈরি ও তাদের উচ্ছেদে নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। অপরদিকে গাইবান্ধা পরিবেশ আন্দোলন কমিটির আহ্বায়ক ওয়াজিউর রহমান বলেন, ঘাঘট নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদের জন্য অসংখ্যবার জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষের বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি বলেন, নদীটি খনন ও দুই ধারে বৃক্ষরোপণ করে পার্ক হিসেবে গড়ে তোলার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপও একই মন্তব্য করেন।