গাইবান্ধায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সব রুটে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। একজন চিকিত্সককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন মোটর শ্রমিকের মুক্তির দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির ডাক দেয়। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।অন্যদিকে চিকিত্সককে মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিকিত্সকেরা কর্মবিরতি পালন করে। জেলা বিএমএ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ ও ড্যাবের ডাকে এই ধর্মঘট পালিত হয়। এ ছাড়া একই দাবিতে শহরের সব ওষুধের দোকান অর্ধদিবস বন্ধ রাখা হয়। গতকাল শনিবার বিকেলে শহরের শিশু বিশেষজ্ঞ চিকিত্সক আবদুল মালেকের চেম্বারে ট্রাক শ্রমিক মণি মিয়া তাঁর শিশুসন্তানকে চিকিত্সার জন্য নিয়ে যান। সেখানে সিরিয়াল দেওয়া নিয়ে চিকিত্সকের কর্মচারী হিমুর সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে হিমুকে মারধর করেন মণি। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল মালেক মণিকে মারধর করেন। পরে শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে চিকিত্সককে মারধর ও চেম্বার ভাঙচুর করেন।এ ঘটনায় ওই চিকিত্সক সদর থানায় মামলা করলে পুলিশ কিরণ, আনসার ও মিঠু নামে তিন শ্রমিককে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে উত্তেজিত শ্রমিকেরা সন্ধ্যায় শহরে প্রবেশের বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন। পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। তবে রাতেই মোটর শ্রমিক ইউনিয়ন জরুরি সভা ডেকে রাত ১২টা থেকে জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করে।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হোসেন বলেন, গ্রেপ্তারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।গাইবান্ধার পুলিশ সুপার বাসুদেব বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। যেকোনো ধরনের সংঘাত এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।