গাইবান্ধায় চাঁদা না দেওয়ায় তাণ্ডব
গাইবান্ধায় চাঁদা না পেয়ে তাণ্ডব চালিয়েছে স্থানীয় বিএনপির ক্যাডাররা। তারা সদর উপজেলার কূপতলা ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের একটি নিরীহ পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ২৫ মার্চ ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলাম ওরফে তারা মিয়া ও ছাইদুল ইসলাম ওরফে সাদা মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে সাদা মিয়া কূপতলা ইউপি সদস্য। এদিকে তাঁদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় পোস্টার সেঁটে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ গত পাঁচ দিনেও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের সংখ্যালঘু বিধবা সুন্দরীবালা (৪৮) বসতভিটাসহ দুই বিঘা জমি একই গ্রামের কৃষক আবদুল কাদের এবং তাঁর দুই ভাইয়ের কাছে বিক্রির জন্য কিছু টাকা অগ্রিম নেন। সুন্দরীবালা শেষ সম্বল বিক্রি করলেও তাঁর বসতভিটায় নিজের টিনের ঘরেই বাকি জীবনটা কাটাবেন—এই শর্তে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না দলিলও করে দেন তিনি। কিন্তু বাধ সাধেন ইউনিয়ন বিএনপির নেতা সাদা ও তারা। তাঁরা দুজন আবদুল কাদেরের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে সাইদুল ও রফিকুলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন দলীয় ক্যাডার ও ভাড়াটে সন্ত্রাসী রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে সুন্দরীবালার বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় এগিয়ে এলে আবদুল কাদেরকে এলোপাতাড়ি মারপিট ও তাঁর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর, সেচপাম্প ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করা হয়। সন্ত্রাসীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন ও বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে। বাড়িতে তারা আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।এদিকে আবদুল কাদেরকে বাঁচাতে তাঁর আত্মীয় আবু বকর, আবদুল হালিম ও রাবেয়া খাতুন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদের বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আবদুল কাদের বাদী হয়ে সাদা ও তারাসহ ৩১ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। আবদুল কাদের বলেন, ‘সাদা ও তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও একাধিক মামলার আসামি। তাঁদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় মদ, জুয়া, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে।’সুন্দরীবালা অভিযোগ করে বলেন, ‘সাদা ও তারা মিয়া আমার কাছ থেকে বিনা টাকায় জমি লিখে চেয়েছিলেন। দিইনি বলে তাঁরা এসব ঘটনা ঘটান। এমনকি আমাকে দেশছাড়া করারও হুমকি দেন। ফলে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’ গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এ প্রসঙ্গে সাদা মিয়া চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জানান, সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়নি। ঘটনাটির মীমাংসা করতে গিয়ে ওই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়েছে।অন্যদিকে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিব আহসান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।