গাইবান্ধায় ছিনতাই হওয়া রাইফেল উদ্ধার, গ্রেপ্তার ২
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া রাইফেলটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধার করা হয়েছে। রাইফেল ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সোমবার রাতে এক সেনাসদস্যসহ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রাইফেল ছিনতাইয়ের ঘটনায় উপপরিদর্শক (এসআই) মাহাবুব বাদী হয়ে আজ মামলা করেন। গতকাল রাতে কঞ্চিবাড়ি ইউনিয়ন থেকে ওই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম এবং তাঁর প্রতিবেশী সদ্য ছুটিতে আসা সেনাসদস্য মোখলেসুর রহমানকে (২২) আটক করা হয়। আজ তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মোখলেসুর সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পে কর্মরত। তাঁকে সেনাবাহিনীর রংপুর ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, গতকাল রাতে গাইবান্ধা বাসস্ট্যান্ড থেকে মোখলেসুরকে এবং আশরাফুলকে বজরা কঞ্চিবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, ৫ জুন উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নির্বাচন শেষে পুলিশ ব্যালট বাক্স নিয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার পথে বজরা কঞ্চিবাড়িতে আশরাফুল আলমের সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তারা পুলিশের কাছ থেকে একটি চাইনিজ রাইফেল ছিনিয়ে নেয়।