গাইবান্ধায় টিআর প্রকল্পে পুকুর চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাত উপজেলায় সাংসদদের নামে বরাদ্দ দেওয়া বিশেষ টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের কাজে ব্যাপক তসরুপের ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই বাস্তবে রিলিফের খাদ্যে কোনো কাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সিংহভাগ খাদ্যশস্য আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম উপেক্ষা করে টিআর বরাদ্দ দেওয়া হয়েছে প্রভাবশালী ব্যক্তিদের বাড়ি সংস্কার এবং ভুয়া ক্লাব কিংবা প্রতিষ্ঠানের নামে। গমের ছাড়পত্র (ডিও লেটার) খাদ্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। এদিকে গম দিয়ে শ্রমিকদের মজুরি পরিশোধের নিয়ম থাকলেও দেওয়া হয়েছে টাকা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহ আলম বলেন, টাকা দেওয়াটা সম্পূর্ণ বিধিবহির্ভূত।জেলা ত্রাণ কার্যালয় সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে সাত উপজেলার বিশেষ (সাংসদদের নামে বরাদ্দ) টিআর প্রকল্পের বিপরীতে তিন হাজার ৫০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়।সুন্দরগঞ্জ: এ উপজেলায় ১৫৯টি প্রকল্পের বিপরীতে ৭০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হলেও সিংহভাগই আত্মসাতের ঘটনা ঘটে। সর্বানন্দ ইউনিয়নের মাস্টারপাড়া দুর্গামন্দির মেরামতে পাঁচ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। মন্দির কমিটির সভাপতি অশোক কুমার বলেন, ‘আমরা লোকের মুখে জানতে পারি, গম বরাদ্দের কথা। তবে সে গম আমরা পাইনি। তা হয়তো আত্মসাৎ করা হয়েছে।’ বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হলে প্রকল্প চেয়ারম্যান মন্দিরে পাঁচ হাজার টাকার কাজ করে দিয়েছেন। প্রকল্প চেয়ারম্যান মামুন শেখ বলেন, মন্দিরে কিছু কাজ করা হয়েছে। অবশিষ্ট কাজ পরে করা হবে।এদিকে সুন্দরগঞ্জ আসনের জাতীয় পার্টি (এ) দলীয় সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল কাদের খানের টিআর প্রকল্পের দুর্নীতির তদন্ত দাবি করে পোস্টারিং হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বিশেষ টিআর প্রকল্পের ১০ শতাংশ কাজও হয়নি। সাংসদ প্রকল্পের গম দিয়ে কেবল তাঁর দলীয় ও সমর্থকদের পুনর্বাসন করেছেন।’এ প্রসঙ্গে সাংসদ কাদের খান বলেন, ‘জেলার মধ্যে সবচেয়ে বেশি টিআর প্রকল্পের কাজ হয়েছে সুন্দরগঞ্জে। একটি স্বার্থান্বেষী মহল আমার কাছ থেকে সুবিধা নিতে না পেরে এসব অপপ্রচার চালাচ্ছে। তারা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করছে।’সাদুল্যাপুর: উপজেলায় ১৯৭টি প্রকল্পের বিপরীতে ৩১৩ মেট্রিক টন গম বরাদ্দ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই কোনো কাজ হয়নি। ধাপেরহাট ইউনিয়নে অবস্থিত শাহ আজগর আলী ডিগ্রি কলেজের শ্রেণীকক্ষ মেরামতের জন্য দুই মেট্রিক টন গম দেওয়া হলেও কাজ হয়নি। অধ্যক্ষ আলেক উদ্দীন বলেন, ‘কলেজের নামে টিআর প্রকল্পের গম বরাদ্দের কথা আমি জানি না।’ প্রকল্প চেয়ারম্যান ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।প্রকল্প চেয়ারম্যান ধাপেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল মিয়া বলেন, ‘উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার বানু প্রকল্প চেয়ারম্যান হিসেবে আমার নাম ব্যবহার করেছেন। বিনিময়ে আমাকে পাঁচ মেট্রিক টন গমের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন।’ ভাইস চেয়ারম্যান আকতার বানু বলেন, প্রকল্প চেয়ারম্যানের অভিযোগ ভিত্তিহীন।পলাশবাড়ী: উপজেলাটির ২৬৮টি প্রকল্পের বিপরীতে ৩৮৭ মেট্রিক টন বরাদ্দ পাওয়া যায়। উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ সংস্কারের জন্য দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লেবু প্রধান বলেন, ‘ইউপি ভবন সংস্কারের জন্য দুই মেট্রিক টন গম বরাদ্দের কথা শুনেছি। কিন্তু সংস্কারকাজ হওয়া দূরের কথা, কে প্রকল্প চেয়ারম্যান, তা একজন জনপ্রতিনিধি হয়েও আমি জানি না। সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনের জাতীয় পার্টি (এ) দলীয় সাংসদ টি আই এম ফজলে রাব্বি চৌধুরী বলেন, ‘অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। তবে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের এসব তদারকির দায়িত্ব থাকলেও তাঁরা তদারকি করেন না।’পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, কাজের তদারকি না করার অভিযোগ ঠিক নয়। কাজ না হওয়ায় ৫ সেপ্টেম্বরের মধ্যে ২৭ মেট্রিক টন গম ফেরত চেয়ে উপজেলার ১৭ জন প্রকল্প চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছিল।গোবিন্দগঞ্জ: উপজেলায় ৬৭৬টি প্রকল্পের জন্য ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল দ্বিমুখী দাখিল মাদ্রাসা সংস্কারে বরাদ্দ দেওয়া হয় এক মেট্রিক টন গম। মাদ্রাসা সুপার সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসার নামে গম বরাদ্দ হলেও কোনো কাজ করা হয়নি।এ নিয়ে গত ১৮ অক্টোবর এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগকারী পোগইল গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, প্রকল্প চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবদুল কাফি গম আত্মসাৎ করেছেন। বিষয়টি তদন্তের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) দায়িত্ব দেন উপজেলা চেয়ারম্যান। কিন্তু পিআইও তদন্তের নামে টালবাহানা করছেন। পিআইও নায়েব আলী টালবাহানার অভিযোগ অস্বীকার করে বলেন, অচিরেই তদন্ত করা হবে। প্রকল্প চেয়ারম্যান আবদুুল কাফি আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদ বলেন, যেসব প্রকল্পের কাজ হয়নি, সেসব প্রকল্প চেয়ারম্যানকে দ্রুত কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে।ফুলছড়ি: উপজেলায় ৩৭০টি প্রকল্পের জন্য ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। উদাখালী ইউনিয়নের ছালুয়া গ্রামের টিপু সুলতানের কবরস্থান সংস্কারে দুই মেট্রিক টন গম বরাদ্দ হয়। ছালুয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন (৪৫) বলেন, ‘কবরস্থানের পাশেই আমাদের বাড়ি। কিন্তু সেখানে মাটি ভরাট কিংবা সংস্কারের কাজ করতে দেখিনি।’প্রকল্প চেয়ারম্যান ফুলছড়ি উপজেলা ওলামা লীগের সভাপতি টিপু সুলতান বলেন, ‘প্রকল্পের গম বিক্রি করে কবরস্থানের জন্য সাড়ে চার শতক জমি কিনেছি। পরে কবরস্থানে মাটি কাটা হবে।’ জমি কেনা প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান বলেন, টিআর প্রকল্পের টাকা দিয়ে জমি কেনার বিধান নেই। সাঘাটা: এখানে ৩৭০টি প্রকল্পের জন্য ৭০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। উপজেলার ঘুড়িদহ ইউপি চেয়ারম্যানের বাড়ির ক্লাব ও মসজিদ সংস্কারের জন্য দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। মসজিদ কমিটির সদস্য ও ঘুড়িদহ গ্রামের ব্যবসায়ী খালেক মিয়া বলেন, ‘মসজিদের নামে গম বরাদ্দের কথা আমরা জানি না।’ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ক্লাবের কোনো ভবন নেই। তাই বরাদ্দ পাওয়া গমের টাকা দিয়ে স্থানীয় যুবকেরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন।সদর উপজেলা: উপজেলার ৩৬৫টি বিশেষ প্রকল্পের জন্য ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। ঘাগোয়া ইউনিয়নের যুগিপাড়া কালীমন্দিরের নামে দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। মন্দির কমিটির সভাপতি শ্যামল ঘোষ বলেন, কাজ তো দূরের কথা, মন্দিরের নামে যে গম বরাদ্দ হয়েছে, তা-ই আমি জানি না। এ প্রসঙ্গে প্রকল্প চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চিত্তানন্দ দেবনাথ বলেন, কিছু কাজ করা হয়েছে। বাকিটা পরে করা হবে।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকল্প চেয়ারম্যান বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা টনপ্রতি তিন হাজার টাকা করে নিয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সঠিকভাবে কাজ বুঝে নেওয়া হয়েছে।