গাইবান্ধায় ট্রেনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
সান্তাহার-লালমনিরহাট রেলরুটে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিশেষত, ১৯ আপ ও ২০ ডাউন নম্বর ট্রেন দুটিতে ইচ্ছামতো ভাড়া নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই যাত্রীদের সঙ্গে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের বাগবিতণ্ডা হচ্ছে। গাইবান্ধা রেলস্টেশন সূত্র জানায়, সান্তাহার-লালমনিরহাট ও দিনাজপুর-সান্তাহার রেলরুটে ১০টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করছে। গাইবান্ধা ও কুষ্টিয়া জেলার তিনটি ঠিকা প্রতিষ্ঠান চার বছরের জন্য এসব ট্রেন পরিচালনার দায়িত্ব নেয়। এর মধ্যে গাইবান্ধার মেসার্স এমজিএম ট্রেডার্স ২১ ও ২২ নম্বর পদ্মরাগ এক্সপ্রেস, ৪৮১ ও ৪৮২ লোকাল ট্রেন, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মেসার্স হোপ অ্যাগ্রো লিমিটেড ৭ আপ ও ৮ ডাউন উত্তরবঙ্গ মেইল, ৪৯১ ও ৪৯২ নম্বর কলেজ ট্রেন, কুষ্টিয়া জেলার মেসার্স শান্তা এন্টারপ্রাইজ ১৯ আপ ও ২০ ডাউন নম্বর ট্রেন পরিচালনার দায়িত্ব পায়। এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় চলতি বছরের ২১ এপ্রিল থেকে ট্রেনগুলো চলাচল শুরু করে।গাইবান্ধা স্টেশন মাস্টার আবদুল ওয়াহেদ বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ এসব ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দিলেও ভাড়া বৃদ্ধি করেনি। এমনকি বেসরকারি ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আগের নির্ধারিত ভাড়া নিতে বলা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সূত্রটি জানায়, মেইল ট্রেনে রেলওয়ের নির্ধারিত গাইবান্ধা থেকে মহিমাগঞ্জের ভাড়া সাত টাকা, গাইবান্ধা থেকে বগুড়ার ভাড়া ১৫ টাকা ও গাইবান্ধা থেকে বামনডাঙ্গার ভাড়া সাত টাকা। কিন্তু জোরপূর্বক অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।এই রুটে নিয়মিত যাতায়াতকারী গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘গত ২০ বছর ধরে আমি ব্যবসায়িক কারণে এই রুটে যাতায়াত করছি। কিন্তু রেল কর্তৃপক্ষ ভাড়া বৃদ্ধি করেনি। অথচ শান্তা এন্টারপ্রাইজ মনগড়াভাবে সাত টাকার ভাড়া ১২ টাকা ও ১৫ টাকার ভাড়া ২৩ টাকা হিসেবে জোরপূর্বক আদায় করছে।’এদিকে বেসরকারি ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান যাত্রীদের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো সরকারি নির্দেশনা প্রতিষ্ঠানগুলো দেখাতে পারেনি। তারা কেবল নিজেদের ছাপানো ভাড়ার তালিকা প্রদর্শন করে থাকে।সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের স্কুলশিক্ষক ঈমান আলী বলেন, ট্রেন পরিচালনাকারী অন্য দুটি প্রতিষ্ঠান এমজিএম ট্রেডার্স ও হোপ অ্যাগ্রো লিমিটেড একই দূরত্বের জন্য সাত টাকার ভাড়া আট টাকা ও ১৫ টাকার ভাড়া ১৭ টাকা নিচ্ছেন। কিন্তু শান্তা এন্টারপ্রাইজ একই দূরত্বের ভাড়া সাত টাকার স্থলে ১২ টাকা করে আদায় করছে। ফলে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন।অপরদিকে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন পরিচালনার ইজারা দিলেও পরবর্তী সময় কোনো তদারকি করে না। এ কারণে প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব গতিতে চলছে। সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের চাকরিজীবী মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি নির্দেশ অমান্য করে একই রুটে ইচ্ছামতো ভাড়া আদায় করা হলেও দেখার কেউ নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে।গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামের দিনমজুর কাশেম মিয়া (৪৫) বলেন, ‘হামরা গরিব মানুষ। কম ট্যাকা দিয়্যা টেনোত যাতায়াত করমো, তাও ভড়া বেশি নিব্যার নাগচে। বেশি ভড়া না দিব্যার চাইলে তামরা টেনোত থ্যাকি নামে দেয়।’এ প্রসঙ্গে শান্তা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম রব অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি নির্দেশ অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। অন্য প্রতিষ্ঠান কম ভাড়া নিচ্ছে কি না, সেটা আমার দেখার বিষয় নয়।’