গাইবান্ধায় দুটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ শুক্রবার বগুড়া-রংপুর মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ ১৩ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে হাওয়াখানা নামক স্থানে বগুড়াগামী পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী যাত্রীবাহী কোচ রাজীব এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কোচটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নয়জন মারা যায়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।তাঁরা হলেন কুড়িগ্রামের চিলমার উপজেলার রোজিনা বেগম (২৫) এবং ভূরুঙ্গামারী উপজেলার মজিবর রহমান (২৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অজ্ঞাত (৩৫) একজন এবং হাসপাতালে ভর্তির পর মারা যান অজ্ঞাত (২০) আরও একজন। হাইওয়ে পুলিশ জানায়, নিহতের অধিকাংশই ১৭ থেকে ৪০ বছরের খেটে খাওয়া দিনমজুর। এরা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিল বলে জানা গেছে। আহতদের মধ্যে নয়জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ভোর সাড়ে ছয়টার দিকে গোবিন্দগঞ্জের কালীতলা নামক স্থানে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত থেকে আসা মহিষবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফরিদ উদ্দিন ও অজ্ঞাত নামা (৩০) এক ব্যক্তি নিহত হয়। এ দুর্ঘটনায় আলমগীর (২৪) নামের গুরুতর আহত অপর ব্যক্তিকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।