গাইবান্ধায় নদীর বুকে বোরো চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার এককালের খরস্রোতা নদীর বুকে এখন অবাধে বোরো ধানের চাষ হচ্ছে। কোনো কোনো এলাকায় বপন করা হয়েছে ধানের বীজ। যেখানে ছিল অথৈই পানি সেখানে এখন ফসলের মাঠ। কালক্রমে নাব্যতা হারিয়ে চর জেগে ওঠায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অথচ নিয়ম অনুযায়ী এসব জমি খাস খতিয়ানভুক্ত হলেও সেগুলো বেদখল করে এলাকার প্রভাবশালীরা চাষাবাদ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার ভেতর দিয়ে প্রবাহিত নদীর সংখ্যা আটটি। এগুলো হচ্ছে ঘাঘট, করতোয়া, আলাই, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, বাঙ্গালী ও মানস নদী।এককালে খরস্রোতা এসব নদীতে মাছ শিকার করে দুই তীরের অনেক পরিবার জীবিকা নির্বাহ করত। জেলার সাত উপজেলার মাছের চাহিদাও মিটত। কিন্তু কালক্রমে বৃষ্টি কিংবা বন্যায় মাটি অপসারিত হয়ে প্রায় সব কটি নদীই ভরাট হয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কামাল শরিফুল আলম বলেন, জেলার নদীতীরবর্তী সুন্দরগঞ্জ, সদর, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ৩০ হাজার একর জেগে ওঠা চর বোরো ধান চাষের আওতায় আনা হয়েছে। এর মধ্যে মানস, আলাই, ঘাঘট, যমুনা ও ব্রহ্মপুত্র নদের তলদেশও রয়েছে। এ ছাড়া বীজতলা হিসেবে ভরাটপ্রায় নদীগুলো ব্যবহূত হচ্ছে।নাব্যতা হারিয়ে চর জেগে উঠেছে—সম্প্রতি এ ধরনের কয়েকটি নদী এলাকা ঘুরে কৃষকদের বোরো চাষের কথা জানা গেছে। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দুই-তৃতীয়াংশ এলাকা বিলীন হয়েছে। নাব্যতা হ্রাস পাওয়ায় বিলীন হওয়া এলাকাগুলো এখন চর হিসেবে জেগে উঠেছে। সেসব চরে বোরো চাষ করছেন কৃষকেরা। কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসি গ্রামের প্রভাবশালী নয়া মিয়া (৪২) বলেন, ‘প্রশাসনের কাছে অনুমতি নিতে হয় কি না সেটা আমাদের জানা নেই। আমার দুই বিঘা জমি বিলীন হয়ে কয়েক বছর পর চর জেগে উঠেছে। আমি সেই জমিতে এবার বোরো চাষ করেছি। অবৈধভাবে নদীর জমি দখল করিনি।’ একই ইউনিয়নের রসুলপুর গ্রামের কৃষক আবুল কাশেম (৪০) নিজের ভাষায় বলেন, বৈদো অবৈদো বুজি ন্যা। হামারঘরে জমিজমা সগ নদিত গ্যাচে। হামরা একন বানদোত থ্যাকি। নদিত জমি ভাসি উটচে। জমি পরি আচে তাত হামরা ইরির আবাদ করচি।’ কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ‘নদী খননের অভাবে কালক্রমে জেগে ওঠা চরে বোরো চাষ করে কৃষকেরা অনেকটা লাভবান হচ্ছেন। কিন্তু তারা প্রশাসনের অনুমতি নিয়ে নদীর তলদেশে চাষাবাদ করছেন কি না সেটা আমার জানা নেই।’গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ও লক্ষ্মীপুর ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত মানস নদী ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছে। মালিবাড়ী ইউনিয়নের ওকরাবাড়ী গ্রামের কৃষক সৈয়দ আলী (৫৫), মেহেরাজ আলী (৪২) ও দীপু মিয়া (৪৫) বলেন, ‘নদীর জায়গা দখল করে চাষাবাদ করার অভিযোগ সঠিক নয়। সরকারি নদীর তলদেশে সবাই বোরো ধানের চাষাবাদ করেন। তাই আমরাও ভরাট হওয়া নদীর জমিতে পাঁচ বছর থেকে চাষাবাদ করছি। কেউ কোনো দিন বাধা দেয়নি।’ একই উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত আলাই নদীর তলদেশে বোরো চাষ হয়েছে। বাদিয়াখালী গ্রামের কৃষক শাহিন মিয়া (৪২) বলেন, ‘অবৈধভাবে দখল করেনি। নদীর জমি পড়ে থাকার চেয়ে চাষ করে ফসল উত্পাদন করছি।’ ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত যমুনা নদীর তলদেশে দুই বিঘা জমিতে বোরো চাষ করেছেন প্রভাবশালী আলম মিয়া (৫০)। আলম মিয়া অবৈধভাবে নদীর জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত ১০ বছরে আমার ৮ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আবাদি জমি বলতে আমার কিছু নেই। এবার তিন বিঘা জমি চর হিসেবে জেগে উঠেছে। দীর্ঘদিন পর আবাদি জমির পরিবর্তে চরের জমি ফেরত পেলাম। তাই এবার দুই বিঘা জমিতে বোরো ধান ও এক বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি।’গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, বর্তমানে নদী খননের কোনো কর্মসূচি নেই। কেবল বন্যা মোকাবিলায় বিভিন্ন নদীর উভয় তীরে বাঁধ নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, নদীতে বিলীন হয়ে যাওয়া আবাদি জমি চর হিসেবে জেগে উঠলে সেটা খাস জমিতে পরিণত হয়। এ ক্ষেত্রে বৈধ কিংবা অবৈধভাবে নদীর তলদেশে বোরো চাষ হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের।এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, নদীর তলদেশে বোরো চাষের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। এমনকি অনুমতির জন্য প্রশাসনের কাছে কেউ আসেন না। তিনি বলেন, চরের জমি নিয়ে প্রশাসনের কিছু দুর্বলতা রয়েছে। নদীতে আবাদি জমি ভেঙে গেলে সেটা খাস জমিতে পরিণত হয়। এ ছাড়া জমি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জমির খাজনা নেওয়া বন্ধ রাখার কথা। কিন্তু সংশ্লিষ্ট তহশিলদাররা তা করেন না। ফলে চর জেগে ওঠার সঙ্গে সঙ্গে মালিকেরা জমি দখলে নেন।