গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পৃথক সহিংসতার ঘটনায় একজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুশারতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট গণনা শেষ হয়। এরপর পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কাদেরের সমর্থকেরা বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল লতিফের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে লতিফের সমর্থক আবদুস সোবহানসহ ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় সোবহানকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বলেন, এ ব্যাপারে নিহতের বড় ভাই ভোলা মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ওসি আরও জানান, গতকাল সকালে উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহার গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম ও অপর চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, আজ রোববার সকালে শালমারা ইউনিয়নের গোপালপুর গ্রামে দুই মেম্বর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হন।