গাইবান্ধায় নৌপথে আসছে মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় মাদকদ্রব্যের ব্যবসায়ীরা রুট পাল্টেছেন। তাঁরা এখন নৌপথে ভারত থেকে মাদকদ্রব্য আনছেন। তাঁরা ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছেন। এই পথে নৌকাযোগে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে মাদক আনা হচ্ছে। চরাঞ্চলের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা জেলে সেজে মাছ শিকারের অজুহাতে অবাধে মাদকদ্রব্য চোরাচালান করছেন। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা, ফেনসিডিল, হেরোইন, চোলাই মদ প্রভৃতি। পুলিশকে মাসোয়ারা দিয়ে এবং তাঁদের সঙ্গে অলিখিত চুক্তির মাধ্যমে এসব ব্যবসা চালানো হলেও দেখার কেউ নেই।অনুসন্ধানে জানা গেছে, চোরাইপথে আনা এসব মাদকদ্রব্য সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরঘাট থেকে ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাটের মধ্যবর্তী জায়গায় নামানো হয়। এখান থেকে সেগুলো গাইবান্ধা ও পার্শ্ববর্তী এলাকায় পাঠানো হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ-হিলি ও পলাশবাড়ী-ঘোড়াঘাট-হিলি রুটে কড়াকড়ি আরোপ করায় চোরাকারবারিরা বিকল্প হিসেবে নৌপথকে বেছে নিয়েছেন।গাইবান্ধা সদর উপজেলার কামারজানি গ্রামের সংস্কৃতিকর্মী মাসুদ রানা বলেন, ‘ব্রহ্মপুত্র নদের তীরে আমার বাড়ি। নদীপথে ভারতীয় মাদকদ্রব্য পাচার হওয়ার কথা এলাকার সবাই জানে। কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কারণ পুলিশ ও জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় এ মাদক ব্যবসা চলে।’ তিনি অভিযোগ করেন, রৌমারী থেকে নৌকা ছাড়ার পর এলাকার সীমানা অতিক্রমের জন্য পুলিশকে মাসোয়ারা দেওয়া হয়। তা ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা মাদকদ্রব্যের ব্যবসায়ীদের কাছে চালানপ্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকা করে উৎকোচ আদায় করেন।এদিকে ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর ওপারে অবস্থিত গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর ও ফুলছড়ি সদর ইউনিয়নে মাদকদ্রব্যের ব্যবসায়ীদের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফুলছড়ি থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, জেলার ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এসব এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তেমন একটা যেতে পারেন না। এ সুযোগে চরাঞ্চলে মাদকের ব্যবসা জমে উঠেছে। ওইসব এলাকায় নৌকাযোগে পুলিশ যাওয়ার আগেই অপরাধীরা পালিয়ে যায়।তবে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস উদ্দিন মাসোয়ারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, মাদকদ্রব্যের চোরাচালান রোধে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।চরাঞ্চলের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পাদরি ওরফে ফকির, গাইবান্ধা সদর উপজেলার আফজাল হোসেন, ছানু মিয়া, ফুলছড়ি উপজেলার নুরুল ইসলাম ওরফে গেদা, নাসির, পাদরি মিয়া, সাইদুর, উজ্জ্বল, শাহজামাল, আয়নালসহ ১১ জন ব্যক্তি নৌপথে মাদকদ্রব্যের পাচার এবং এ ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন। এঁদের নেতৃত্বে চরাঞ্চলে চোরাচালানের বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। এঁদের মধ্যে শাহজামাল, উজ্জ্বল, গেদার নামে গাইবান্ধার বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।গাইবান্ধা নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক জি এম চৌধুরী বলেন, ওই চক্রের সদস্যরা গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা, গোয়েন্দা পুলিশ ও বালাসি নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের মাসোয়ারা দিয়ে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে জেলা শহরে মাদকের ব্যবহার বেড়ে গেছে। হাত বাড়ালেই মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে। বিপথগামী হচ্ছেন উঠতি বয়সের তরুণেরা।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন মাসোয়ারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নৌপথে মাদক আসাসংক্রান্ত তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই। এর পরও মাদক চোরাচালান রোধে পুলিশ তৎপর রয়েছে। এদিকে বালাসি নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।মোল্লারচর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান নৌপথে মাদকব্যবসার মদদদাতা, মাদকদ্রব্যের ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় লোকজন ১১ সেপ্টেম্বর নদীপথে ভারত থেকে আসার সময় মোল্লারচর এলাকায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ৭০০ বোতল ফেনসিডিল ও ৬০ কেজি শুকনো গাঁজা, ৫ সেপ্টেম্বর ফুলছড়ির আলগারচর এলাকায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের এক হাজার বোতল ফেনসিডিল, ১৫০ কেজি শুকনো গাঁজা আটক করলেও পুলিশ ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় সেগুলো ছেড়ে দেওয়া হয়। এদিকে সাইদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিপক্ষ নির্বাচনে হেরে গিয়ে আমাকে হেয় করতে এসব অপপ্রচার চালাচ্ছে।’গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, ১৯৯৮ সালে গাইবান্ধায় মাদক-ট্র্যাজেডির ঘটনায় ৭১ জন মারা যান। সে সময় গাইবান্ধা পরিদর্শনে এসে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম, পুলিশের এডিশনাল আইজি, রাজশাহীর ডিআইজি গাইবান্ধা ঘুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সে সময় তাঁরা বলেছিলেন, আর কখনো এলাকায় মাদকব্যবসা করতে দেওয়া হবে না। কেউ ব্যবসা করলে তাঁকে কঠিন শাস্তি দেওয়া হবে, যা দেখে আর কেউ এ ধরনের কাজে যুক্ত না হন। কিন্তু ১২ বছর পরও এসব কথার কোনো বাস্তবায়ন ঘটেনি। উপরন্তু মাদকদ্রব্যের ব্যবসা বেড়ে গেছে।প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) নববর্ষ উদ্যাপন করতে গিয়ে গাইবান্ধায় বিষাক্ত স্পিরিট পান করে ৭১ জন মারা যান। এ ঘটনায় তৎকালীন গাইবান্ধা সদর থানার ওসি আবদুল জব্বার ও পুলিশের সাত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং ১২ জন কনস্টেবলকে অন্যত্র বদলি করা হয়েছিল।