গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ড অফিসে ভাঙচুর, আহত ১১
বিক্ষুব্ধ জনতা আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ড অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। তারা অফিসের ইটপাটকেল নিক্ষেপ, দরজা-জানালা ভাঙচুর ও কর্মচারীদের মারধর করেছে। এতে পানি উন্নয়ন বোর্ডের ১১ কর্মচারী আহত হয়েছেন। জেলার সাঘাটায় যমুনা নদীর ভাঙন থেকে রক্ষার নামে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি ও গাফিলতির প্রতিবাদে সাঘাটা সর্বদলীয় নাগরিক কমিটি ওই অফিসে স্মারকলিপি দিতে গেলে এ ভাঙচুরের ঘটনা ঘটে। একই দাবিতে আজ সাঘাটা বন্দরে অর্ধদিবস হরতাল পালিত হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীর ভাঙনে উপজেলার সাঘাটা বন্দর ও আশপাশের এলাকার ক্ষতিগ্রস্ত সহস্রাধিক লোক আজ বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা শহরে আসে। তারা দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরে মাস্টারপাড়ার পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করে। এ সময় তারা সাঘাটা বাজার, সাঘাটা পুলিশ স্টেশন ও অন্যান্য সরকারি স্থাপনা রক্ষা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে নির্বাহী প্রকৌশলীর কক্ষে স্মারকলিপি দিতে যায়। কিন্তু অফিসে তখন নির্বাহী প্রকৌশলী কিংবা কোনো কর্মকর্তা না থাকায় তারা উত্তেজিত হয়ে ওঠে।একপর্যায়ে উত্তেজিত জনতা অফিসে ইটপাটকেল নিক্ষেপ ও জানালা-দরজা ভাঙচুর করে। পরে অফিসের গেট ভেঙে তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও কাগজপত্র তছনছ করে ও বাইরে ছুড়ে ফেলে। এতে বাধা দিলে বিক্ষুব্ধ জনতা কর্মচারীদের মারধর করে। এতে ১১ কর্মচারী আহত হয়। আহতদের মধ্যে পাউবো কর্মচারী শাহ আলম, আয়চান ও আবদুল ওয়ারেছকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা পার্শ্ববর্তী গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ করে। সেখান থেকে তারা গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সমাবেশ ও মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সর্বদলীয় নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম কুমার, শাহনেওয়াজ মণ্ডল, শাহ আলম, আবদুল মান্নান, আবদুর রউফ, জহুরুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, তিন দিনের মধ্যে ভাঙন রোধে কাজ শুরু করা না হলে সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি করা হয়েছে।এ প্রসঙ্গে বর্তমানে ঢাকায় অবস্থানরত গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা তিনি বলেন, সাঘাটায় যমুনা নদীর ভাঙন রোধে ১৩৪ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাস হয়েছে। গত ৮ মার্চ ৩০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে কয়েকটি দরপত্রে ত্রুটি থাকায় ১৫ কোটি টাকার দরপত্র পুনরায় আহ্বানের প্রক্রিয়া চলছে। অবশিষ্ট টাকা দিয়ে যমুনা নদীর তীর সংরক্ষণ ও জিও ব্যাগ স্থাপন করা হবে। অচিরেই কাজ শুরু করা হচ্ছে।