গাইবান্ধায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর গতকাল রোববার রাতে পুলিশের একটি রাইফেল ছিনতাই হয়েছে। সেখানে নির্বাচন-পরবর্তী পৃথক সহিংসতায় দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭২ রাউন্ড ফাঁকা গুলি এবং সাতটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। আজ সোমবার বেলা দেড়টা পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া রাইফেলটি উদ্ধার করতে পারেনি । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত ১০টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে পুলিশসহ প্রিজাইডিং কর্মকর্তা ব্যালট বাক্স নিয়ে মাইক্রোবাসে করে উপজেলা সদরের দিকে রওনা দেন। এ সময় কঞ্চিবাড়ি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের লোকজন রাস্তায় অবরোধ সৃষ্টি করে মাইক্রাবাস থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে আব্দুল করিমের সমর্থকেরা মাইক্রোবাসে হামলা চালিয়ে পুলিশকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে গাইবান্ধা সদর পুলিশ ফাঁড়ির এক কনস্টেবলের মাথায় আঘাত করে তাঁরা একটি রাইফেল ছিনিয়ে নেয়। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হন। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে ৪০ রাউন্ড ফাঁকা গুলি এবং চারটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে একই উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার এক পর্যায়ে দুই মেম্বর প্রার্থী আবদুল জলিল ও আবদুল হামিদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হন। এ সময় সমর্থকেরা কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড ফাঁকা গুলি ও তিনটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থী আনোয়ারুল ইসলাম ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুছ আলী ৩৮৫ ভোট পান। মাত্র তিন ভোটে হারায় ইউনুস আলী ও তাঁর লোকজন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রিজাইডিং কর্মকর্তা ব্যালট বাক্স ও ব্যালট পেপার নিয়ে উপজেলা সদরের দিকে রওনা দেন। এ সময় পরাজিত প্রার্থী ইউনুসের লোকজন আবারও হামলা চালায়। তখন পুলিশ আরও ১০ রাউন্ড ফাঁকা গুলি চালায়পুলিশ সুপার বাসুদেব বণিক নির্বাচন পরবর্তী সহিংসতা মোকাবিলায় ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছিনতাই হওয়া রাইফেলটি উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। রাইফেল ছিনতাই ও পুলিশের উপর হামলার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।