গাইবান্ধায় বাণিজ্যিকভাবে মাশরুম চাষ
গাইবান্ধায় এই প্রথম বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করেছে জেলা পরিষদ। প্রথমবারই মাশরুম চাষে সাফল্য অর্জিত হয়েছে। ১০ হাজার টাকা লগ্নি করে তিন মাসে লাভ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। এর দামও বেড়ে গেছে। বর্তমানে প্রতি কেজি মাশরুম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া স্বল্পপুঁজিতে মাশরুম চাষ বেকারত্ব ঘোচাতে বিশেষ ভূমিকা রাখছে। মাশরুমের যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। জেলা পরিষদ সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে পরিষদ অডিটোরিয়ামের একটি কক্ষে ৫৫০টি প্যাকেটে মাশরুম চাষ করা হয়। এতে ব্যয় হয় ১০ হাজার টাকা। এসব প্যাকেট থেকে তিন মাসে দুই মণ মাশরুম উৎপাদিত হয়েছে, যার দাম প্রতিমণ আট হাজার টাকা হিসাবে ১৬ হাজার টাকা। প্রথমবারই মাশরুম থেকে আয় হয়েছে ছয় হাজার টাকা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেসরকারি সংগঠন গ্রামীণ মহিলা উন্নয়ন সংস্থা থেকে মাশরুমের বীজ সংগ্রহ করা হয়। এখানে উৎপাদিত মাশরুম রংপুর ও গোবিন্দগঞ্জের ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। রংপুর শহরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, গাইবান্ধা থেকে মাশরুম কিনে প্যাকেটজাত করে ঢাকায় চায়নিজ রেস্টুরেন্টে পাঠানো হয়। কিন্তু চায়নিজ রেস্টুরেন্টের চাহিদা অনুযায়ী মাশরুম পাওয়া যাচ্ছে না। গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়ার ব্যবসায়ী সুকুমার রায় বলেন, ‘জেলা পরিষদ থেকে মাশরুম কিনে চটপটির দোকানে বিক্রি করছি। এই ব্যবসা বেশ লাভজনক।’ মাশরুমের চাষপদ্ধতি খুব সহজ। একটি পলিথিন ব্যাগে পরিমাণমতো কাঠের গুঁড়া, ধানের তুষ, গমের ভুসি ও চুন মিশিয়ে নিতে হয়। তারপর ল্যাবে বিশেষভাবে তৈরি করা ১০০ গ্রাম তরল বীজ ফেলতে হয় এতে। সাধারণত কম তাপমাত্রার স্যাঁতসেঁতে ঘরে মাশরুম ভালো হয়। বীজ লাগানোর সাত দিন পর থেকে তিন মাস পর্যন্ত মাশরুম পাওয়া যায়। এটি দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো। মাশরুম সংগ্রহের পর প্যাকেটটি জৈব সার হিসেবে ব্যবহার হয়ে থাকে। মাশরুম দিয়ে চপ, চটপটি তৈরি হয়। বিশেষত চায়নিজ রেস্টুরেন্টে এর ব্যাপক চাহিদা। গ্রামীণ মহিলা উন্নয়ন সংস্থার কর্মচারী মেহেদী হাসান বলেন, এসব বীজ প্রস্তুতকারক একটি ল্যাবের দাম এক লাখ টাকা। বর্তমানে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এনজিও মাশমরুমের বীজ উৎপাদন করছে।সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেন, মাশরুম হূদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ডেঙ্গুজ্বর, অর্শ্ব, হাঁপানি, এইডস, ক্যানসার, টিউমার, কোষ্ঠকাঠিন্য, অ্যালার্জি, চর্মরোগ, জন্ডিস রোগ প্রতিরোধ করে এবং রক্তস্বল্পতা, চুলপড়া, চুলপাকা রোধ করে। এ ছাড়া যৌনশক্তি বৃদ্ধি ও মেদভুঁড়ি কমাতে সহায়তা করে মাশরুম। এটি বাচ্চা ও গর্ভবতী মায়ের আদর্শ খাবার। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লোল কুমার চক্রবর্তী বলেন, আরও এক হাজার প্যাকেটে মাশরুম লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০০ জন বেকারকে মাশরুম চাষে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে তেমন একটা লাভ হয়নি। তবে ২০ হাজার টাকা লগ্নি করলে প্রতি মাসে তিন হাজার টাকা আয় করা সম্ভব। ব্যাপক হারে মাশরুম চাষ করলে আর্থিক সচ্ছলতার পাশাপাশি প্রোটিনের ঘাটিতি মিটবে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অসীম কুমার পাল বলেন, জেলা পরিষদকে মাশরুম চাষে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি মাশরুম চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে জেলার কৃষকদের।