গাইবান্ধায় বাসের ছাদ থেকে ছিটকে পড়ে নিহত ৫, আহত ১৫
গাইবান্ধায় গতকাল শুক্রবার রাতে গাছের ডালের ধাক্কায় বাসের ছাদ থেকে ছিটকে পড়ে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। জেলার সদর উপজেলার কোমরপুর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—ফুলছড়ি উপজেলার ছালুয়া গ্রামের রনজু মিয়া (২৮), একই উপজেলার কাতলামারি গ্রামের মিঠু মিয়া (৩১), আবদুস সালাম (৩৮), সাদুল্যাপুর উপজেলার মনদুয়ার গ্রামের সাকিব আহম্মেদ (১৮) ও জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের জিলিম খান (৬০)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত ১২টার দিকে সৈকত পরিবহনের একটি বাস গাইবান্ধা থেকে ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের কোমরপুর এলাকায় গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে হেলে পড়া একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে বাসের ছাদে বসা অন্তত ২০ যাত্রী ছিটকে পড়ে যায়। চালক বাসটি না থামিয়ে দ্রুতগতিতে পলাশবাড়ী গিয়ে সেখানে বাসটি ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রনজু, মিঠু ও সাকিব মারা যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সালাম ও চিকিত্সাধীন অবস্থায় জিলিম খান মারা যান। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পাঁচজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।