গাইবান্ধায় মালিকানা দলিল পেলেন ভূমিহীনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার গোঘাট গুচ্ছগ্রামের ৪৫টি পরিবারের হাতে বসতভিটা ও ঘরবাড়ির মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ভূমিহীন পরিবারকে দুই শতক জমি, একটি ঘর, নলকূপ, টয়লেট, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। এতে ব্যয় হয় প্রায় ১৮ লাখ টাকা।২৯ মার্চ ভূমিহীনদের হাতে এসব দলিল তুলে দেন বিশিষ্ট আইনজীবী আনিস মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম ফারুক, সোলায়মান হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ। প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের আর্থিক সহায়তায় গাইবান্ধার বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন ভূমিহীন এসব পরিবারকে আশ্রয়ের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করে।দলিল পেয়ে গোঘাট গ্রামের ভূমিহীন আজেনা বেগম (৪৫) বলেন, ‘নদী হামারগরে সবকিচু কারি নিচে। হামারগরে থ্যাকার জাগা আচিল ন্যা। যাযাবরের মতো খোলা আকাশোত আইত (রাত) কাটাচি। ঘর-জমি প্যায়া হামারঘরে উপক্যার হলো।’একই গ্রামের ভূমিহীন নুরজাহান (৫৭) বলেন, ‘চেয়ারম্যান-মেম্বররা হামারগরোক কিচু দ্যায় ন্যাই। থাকার জাগা প্যায়া হামারগরোক আর বানের পানিত ভাসান ন্যাগব্যার নোয়ায়।’ প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ গাইবান্ধা অফিসের সিনিয়র প্রকল্প কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, জেলার সাতটি উপজেলায় এ পর্যন্ত এক হাজার ৭০৫ জন ভূমিহীনকে পুনর্বাসিত করা হয়েছে। আরও ২০০ জনকে আশ্রয় ও পুনর্বাসন করা হবে।