গাইবান্ধায় শিক্ষা কর্মকর্তাদের গাইড-বাণিজ্য!
গাইবান্ধার সাত উপজেলায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে বাধ্যতামূলকভাবে সমাপনী পরীক্ষার সাজেশন গাইড বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি গাইড ১০ থেকে ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। নীতিমালা উপেক্ষা করে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশেই এসব হচ্ছে। স্থানীয় প্রেসের মালিকদের সঙ্গে যোগসাজশে এসব গাইড ছাপানো হচ্ছে।জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার সাত উপজেলার তিন হাজার ১৫২টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি ৭৩৭টি। এসব বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে ৪২ হাজার ৭২৩ জন।অভিযোগ রয়েছে, শিক্ষা কর্মকর্তারা মোটা অঙ্কের বাণিজ্য করতেই সাজেশন গাইড প্রকাশের উদ্যোগ নিয়েছেন। তাঁরা শহরের একটি ছাপাখানা থেকে এসব সাজেশন গাইড প্রকাশ করেন। গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসব গাইড প্রকাশ এবং বিদ্যালয়গুলোতে বিতরণের সার্বিক বিষয়টি তদারকি করছেন। প্রতিটি গাইডের ছাপার খরচ পাঁচ টাকা করে হলেও কমপক্ষে ১০ থেকে ২০ টাকা করে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে।গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোনালী সরকার তদারকি ও গাইড বিক্রি বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, সাজেশন প্রকাশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমতি নেই। তবে সমাপনী পরীক্ষায় ভালো ফলের জন্য স্থানীয়ভাবে এই সাজেশন গাইড প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। কেবল গাইড ছাপানোর খরচই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেসের মালিক বলেন, স্থানীয় বাজারে প্রতিটি গাইড ছাপাতে প্রায় পাঁচ টাকা খরচ পড়বে। এদিকে বিক্রি করা হচ্ছে ১০-২০ টাকায়। লাভের টাকা জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকনেতাদের মধ্যে ভাগবাটোয়ারা করা হয়।জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস ইসলাম খান বলেন, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট ও গাইড বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। অথচ সরকারি শিক্ষা কর্মকর্তারাই সাজেশন গাইড প্রকাশ করে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এ ছাড়া যেকোনো বই প্রকাশে জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির অনুমতি লাগে। কিন্তু ওই সব কর্মকর্তা গাইড প্রকাশে সমিতির কোনো অনুমতি নেননি।খোঁজ নিয়ে জানা গেছে, নভেম্বর মাসে অনুষ্ঠেয় সমাপনী পরীক্ষাকে সামনে রেখে সদ্য অবসরে যাওয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোয়ারা বেগম এই উদ্যোগ নেন। এ প্রসঙ্গে মনোয়ারা বেগম বলেন, ‘সাজেশন প্রকাশে সরকারের অনুমোদন নেই ঠিক, কিন্তু ইতিবাচকভাবে বিবেচনা করলে সাজেশনটা শিক্ষার্থীদের উপকারে আসবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে সাজেশন গাইড প্রকাশ করা হলে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় হবে না কেন। তাই সাজেশন প্রকাশ ও বিক্রি অনিয়ম বলে মনে করি না।’খোঁজ নিয়ে দেখা গেছে, এই গাইডটিতে পঞ্চম শ্রেণীর সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পাদনায় কারও নাম নেই। শুধু কভার পৃষ্ঠায় নিজ নিজ উপজেলা শিক্ষা কার্যালয়ের নাম রয়েছে।এলাকা ভেদে এই গাইড কোথাও ১০, কোথাও ২০ টাকা করে বিক্রি হচ্ছে। শহরের ভিএইড রোডে অবস্থিত জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. শুভ বলে, ‘আমরা স্যারদের কাছ থেকে একটি সাজেশন গাইড ২০ টাকা করে কিনছি।’শহরের মাস্টারপাড়ার অভিভাবক বিরতি রঞ্জন বলেন, ভালো ফলের প্রলোভন দেখিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সাজেশন কিনতে বাধ্য করা হচ্ছে। এতে মেধাবী ছাত্রছাত্রীরা অলস হচ্ছে। এ ছাড়া তারা পাঠ্যবই পুরোটা না পড়ায় তাদের জ্ঞানও সীমিত হয়ে যাচ্ছে।সদর উপজেলার কাবিলের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, পঞ্চম শ্রেণীর ২১ জন ছাত্রছাত্রীর কাছে এ ধরনের সাজেশন বিক্রি করা হয়েছে। এতে দুর্বল শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি মত প্রকাশ করেন।সুন্দরগঞ্জ উপজেলার মনমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা উপকৃত হবে কি না, জানি না। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ৩৭ জন শিক্ষার্থীর কাছে গাইড বিক্রি করা হয়েছে। বিক্রির টাকা সহকারী শিক্ষা কর্মকর্তার মাধ্যমে উপজেলা কর্মকর্তাকে দিয়েছি। তিনি ওই টাকা জেলা শিক্ষা কর্মকর্তাকে দেবেন বলে শুনেছি।’এদিকে সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ টাকা জমা পাওয়া এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। সাদুল্যাপুর উপজেলার মনদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মামুন মিয়া ও এনামুল হক জানায়, শিক্ষকদের কাছ থেকে কেনা সাজেশন অনুযায়ী পড়ে মডেল টেস্ট পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন পড়েছিল।এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান বলেন, পঞ্চম শ্রেণীর ২২ জন ছাত্রের সাজেশন বিক্রির টাকা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান এই সাজেশন থেকে মডেল টেস্ট পরীক্ষায় শতভাগ কমন পড়ার কথা স্বীকার করলেও টাকা জমা দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই বলে দাবি করেন।নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন প্রধান শিক্ষক জানান, জেলা শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা এই গাইড সহকারী শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে দেন। কর্মকর্তাদের চাপে প্রধান শিক্ষকেরা আবার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে জোরপূর্বক তা বিক্রি করেন।এদিকে গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াৎ হোসেন জোরপূর্বক গাইড বিক্রির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এ ধরনের সাজেশন শিক্ষার্থীদের মেধা বিকাশে অন্তরায় হবে কি না, জানি না। তবে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশে ৭০ জন শিক্ষার্থীর কাছে এসব গাইড বিক্রি করা হয়েছে। তারা স্বেচ্ছায়ই তা কিনেছে।’সাঘাটা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র বলেন, গাইড বিক্রি বাণিজ্য নয়। দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করতে এই সাজেশন বিক্রি করা হয়েছে।ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুল আলম বলেন, এটি শিক্ষার্থীদের ভালো ফলে সহায়ক হবে।অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম মণ্ডল বলেন, সাজেশন গাইড প্রকাশে লিখিত অনুমতি দেওয়া হয়নি। এমনকি সরকারি অনুমোদনও নেই। তবে ভালো ফলের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সাজেশন গাইড বিতরণ করতে বলা হয়েছে। তাঁদের শুধু ছাপানোর খরচটাই শিক্ষার্থীদের কাছ থেকে নিতে বলা হয়েছে। কেউ বেশি টাকা নিলে সেটা অনিয়ম। বিষয়টি খতিয়ে দেখা হবে।