গাইবান্ধায় শিশু মারুফ হত্যা মামলার বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় চার বছরের শিশু মারুফ হত্যা মামলার বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আসামিদের ভাড়াটে সন্ত্রাসীরা বাদীর পরিবারকে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। ফলে নিরাপত্তাহীনতার কারণে বাদী পালিয়ে বেড়াচ্ছে।পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের বাসিন্দা ও গাইবান্ধা রেজিস্ট্রি অফিসের নকলনবিশ নাজিম উদ্দিন এবং তাঁর স্ত্রী মিলি বেগম একই পেশায় নিয়োজিত। ছেলে মারুফকে (৪) নিয়ে তাঁদের তিন সদস্যের সংসার। নাজিম গত বছরের ৯ ডিসেম্বর স্ত্রী-সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী সোনাইডাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে যান। ওই দিন বিকেলে তাঁরা ঘরের ভেতরে আলাপচারিতায় ব্যস্ত থাকায় মারুফ সোনাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়।এ সুযোগে সোনাইডাঙ্গা গ্রামের খোকা মিয়ার ছেলে ফুল মিয়া (৩২) ও বল্লমঝাড় গ্রামের মনুহর উদ্দিনের ছেলে জামিল উদ্দিন (৩০) শিশুটিকে অপহরণ করেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। তিন দিন পর গত ১২ ডিসেম্বর সকালে স্থানীয় জনগণ সোনাইডাঙ্গা বিদ্যালয়সংলগ্ন পুকুরের পানিতে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। শ্বাসরুদ্ধ করে মারুফকে হত্যা করা হয়েছে এই মর্মে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এ ব্যাপারে নাজিম উদ্দিন বাদী হয়ে ফুল মিয়া ও জামিলকে আসামি করে গাইবান্ধা সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ ফুল মিয়াকে গ্রেপ্তার করলেও জামিল এখনো পলাতক রয়েছেন। অভিযোগ আছে, জামিল প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। এদিকে গ্রেপ্তার হওয়া ফুল মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং ঘটনার তদন্তে মারুফকে গলাটিপে হত্যা করার সত্যতা পাওয়া যায়। পরে মামলাটি অপহরণসহ হত্যা মামলা হিসেবে রুজু করে পুলিশ।মামলার বাদী নাজিম উদ্দিন অভিযোগ করেন, ‘আসামিদের ভাড়াটে সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলছে, মামলা তুলে না নিলে ছেলের মতোই আমার পরিণতি হবে। কেউ রক্ষা করতে পারবে না। অথচ পুলিশ আসামিদের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। যে কারণে ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও মামলার চার্জশিট প্রদানে পুলিশ গড়িমসি করছে।’ তাঁর স্ত্রী মিলি বেগম বলেন, ‘ওরা আমার শিশুকে কেড়ে নিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।’ এ প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, আসামি জামিলকে গ্রেপ্তারে পুলিশ তত্পর রয়েছে। মামলা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা ও উেকাচ নেওয়ার অভিযোগ সত্য নয়।এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামি ফুল মিয়ার বাবা গাইবান্ধা সদর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের কৃষক খোকা মিয়া বলেন, মামলা তুলে নিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি। বাদীর এসব অভিযোগ ভিত্তিহীন।অপর আসামি জামিল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা একই উপজেলার বল্লমঝাড় গ্রামের কৃষক মনুহর উদ্দিন বলেন, ‘ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়া দূরের কথা, আমরা নিজেরাও কখনো এ ধরনের হুমকি দিইনি।’