গাইবান্ধায় সহস্রাধিক গাছে মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় এবারও শৈত্যপ্রবাহ, দীর্ঘসময় ঘন কুয়াশা এবং শীতজনিত কারণে বিভিন্ন সড়কের দুই ধারে লাগানো সহস্রাধিক গাছ মরে গেছে। অনেক গাছে মড়ক দেখা দিয়েছে। বেঁচে থাকা গাছগুলোর কোনোটির পাতা হলদে, কোনোটির ডালপালা নেই। এ ছাড়া অনেক গাছ জীবন্ত দেখালেও সেগুলোর ছাল তুলে ফেলা হয়েছে। এসব গাছের বয়স ১০ থেকে ২৫ বছরের মধ্যে, কিন্তু এগুলো কাটার কোনো উদ্যোগ নেই। গাইবান্ধা সড়ক ও জনপথ, এলজিইডি ও জেলা পরিষদ অফিস সূত্র জানায়, জেলার সাত উপজেলায় পাঁচ হাজার ২০৮ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক রয়েছে। এর মধ্যে সওজের আওতায় ২১৮ কিলোমিটার, জেলা পরিষদের ৯১১ কিলোমিটার ও এলজিইডির চার হাজার ৭৯ কিলোমিটার। এসব সড়কের দুই ধারে রয়েছে অসংখ্য গাছ। এর মধ্যে শিশু, রেইনট্রি, মেহগনি, কড়ই ও ইউক্যালিপটাস গাছই বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে এসব মূল্যবান গাছ মরে যাচ্ছে। সূত্রটি জানায়, জেলা শহর সংযুক্ত আটটি সড়কে সহস্রাধিক গাছ মরে গেছে। সড়কগুলো হচ্ছে—গাইবান্ধা-সাঘাটা, গাইবান্ধা ভায়া নাকাইহাট-গোবিন্দগঞ্জ, গাইবান্ধা-পলাশবাড়ী, গাইবান্ধা-সাদুল্যাপুর, গাইবান্ধা-সুন্দরগঞ্জ, গাইবান্ধা ভায়া দারিয়াপুর-সুন্দরগঞ্জ, গাইবান্ধা বালাসি ও ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট থেকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা পর্যন্ত ৯৮ কিলোমিটার জাতীয় মহাসড়ক। গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জীবন কুমার সাহা বলেন, শীতে তাপমাত্রার অভাবে সালোক সংশ্লেষণ না হলে শিশু ও কড়ই জাতীয় গাছ মরে যেতে পারে। তবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ সমস্যা কিছুটা মোকাবিলা করা যায়।এদিকে শীতজনিত কারণ ছাড়াও ইটভাটার কারণে বহু গাছ মরে গেছে বলে জানা গেছে। জেলায় বিভিন্ন সড়ক সংলগ্ন অন্তত ১৫টি ইটভাটা রয়েছে। ইটভাটার নির্গত ধোঁয়ায় পাশের বিভিন্ন গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে বলে পরিবেশবিদরা জানান। গাইবান্ধা পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্যসচিব জিয়াউল হাফিজ বলেন, প্রতিবছর শীত আসে আর গাছ মরে। শীত চলে যায়, কিন্তু গাছগুলো রক্ষার ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষত জেলার ঢাকা-রংপুর মহাসড়ক, গাইবান্ধা-পলাশবাড়ী, গাইবান্ধা-ফুলছড়ি ও বামনডাঙ্গা-সুন্দরগঞ্জ সড়কে সহজেই এ দৃশ্য চোখে পড়ে। গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, সওজের আওতাধীন সড়কের মরে যাওয়া গাছ বিক্রির জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লোল চক্রবর্তী বলেন, ‘জেলা পরিষদের আওতাধীন কী পরিমাণ গাছ মরে গেছে, তা জরিপ করে টেন্ডারের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে।’ গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার মকবুল হোসেন বলেন, ‘দীর্ঘসময় শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকলে এবং তাপমাত্রা না থাকলে গাছ মরে যেতে পারে। তবে গাছের পাতা হলুদ বা লালচে বর্ণ হলে ডায়াজিনন এম-৪৫ দিয়ে তা প্রতিরোধ করা যায়।’ তিনি বলেন, ‘গাছ কাটার আগে বন বিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু কেউই বন বিভাগের অনুমতি নেয় না।’সরেজমিন ঘুরে দেখা গেছে, একশ্রেণীর অসাধু ব্যক্তি বিভিন্ন সড়কের দু’ধারে লাগানো মরা গাছের ডালপালা কেটে জ্বালানির কাজে ব্যবহার করছে। গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী গ্রামের সমাজসেবক মাসুদ রানা (৪৫) বলেন, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের মরে যাওয়া গাছ রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে। এমনকি দিনের বেলাও গাছ কাটতে দেখেছি। কিন্তু দেখার কেউ নেই। বিষয়টি এলজিইডি বিভাগকে জানিয়েও কোনো কাজ হয়নি।এ প্রসঙ্গে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুভাষ চন্দ্র সাহা রায় বলেন, ‘এলজিইডির সড়কে মরে যাওয়া গাছ কাটার জন্য ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন এনজিওকে দায়িত্ব দেওয়া হয়েছে।’